চ্যাম্পিয়ন লেস্টারকে আটকালো মুকুট হারানো চেলসি
কেবল লেস্টার সিটির জন্য নয়, দলটির কোচ ক্লাওদিও রানিয়েরির জন্য স্ট্যামফোর্ড ব্রিজের এবার আসাটাও ছিল অন্যরকম। চেলসির কাছ থেকেই প্রিমিয়ার লিগের মুকুট কেড়ে নিয়েছে লেস্টার। যার হাত ধরে ক্লাবটির এই কীর্তি গড়া, সেই রানিয়েরিও স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়েছিলেন বহিষ্কারের বেদনা নিয়ে। এমন আবহ নিয়ে মাঠে গড়ানো ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়।
নিজেদের ক্লাবের ১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ইপিএলের শিরোপা জেতার কাজটা আগেই সেরেছিল লেস্টার। ভার্ডি-মাহরেজরা রোববার রাতে চেলসির মাঠে পা রাখেন শেষটা রাঙিয়ে রাখার স্বপ্ন নিয়ে। ড্রতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের।
এই ড্রয়ে ৩৮ ম্যাচে ২৩ জয়, ১২ ড্রয়ে ৮১ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল লেস্টার। ১২ জয় ও ১৪ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে দশম স্থানে থেকে শেষ করল মুকুট হারানো চেলসি।
ছাঁটাই হওয়ার পর এবারই যে প্রথম স্ট্যামফোর্ড ব্রিজে রানিয়েরি পা রাখলেন, তা নয়। ২০০৮-০৯ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর ম্যাচে ইউভেন্তুসের কোচ হিসেবে এসেছিলেন। ফিরেছিলেন ১-০ গোলের হার নিয়ে। রোববার দ্বিতীয়বারের মতো এলেন এবং পেলেন অভ্যর্থনা, স্মারক, ভালোবাসাও! স্বাভাবিকভাবে এবারের অনুভূতি ভীষণভাবে ছুঁয়ে গেছে ৬৪ বছর বয়সী এই ইতালিয়ানকে।
“এটা আবেগের। আমার বিশ্বাস, আমার পুরোনো সমর্থকরা আমাকে নিয়ে খুশি। এবার আমি চ্যাম্পিয়ন হয়ে ফিরলাম। এটা দারুণ গল্প। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের জন্য ইউভেন্তুসের হয়ে স্ট্যামফোর্ড ব্রিজে এসেছিলাম কিন্তু এবারের আসাটা অন্যরকম। কেননা, আমি ইংল্যান্ডেরই আরেক দল লেস্টার সিটির ম্যানেজার।”
রিয়াদ মাহরেজ-জেমি ভার্ডি মিলে ২৩তম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ করেন। কিন্তু বক্সের মধ্যে বল পেলেও চেলসি গোলরক্ষক থিবো কোর্তোয়া দ্রুত এগিয়ে আসায় ভার্ডির শট ঠিকানা খুঁজে পায়নি।
৩২তম মিনিটে সেস ফাব্রেগাসের শট রুখে দিয়ে লেস্টারের ত্রাতা গোলরক্ষক কাসপের স্মাইকেল। আট মিনিট পর উইলিয়ানের দূরের পোস্টে নেওয়া শটও ঝাঁপিয়ে পড়ে আটকে দিয়ে রানিয়েরিকে স্বস্তিতে রাখেন তিনি। প্রথমার্ধের শেষ দিকে পেদ্রোর শট লেস্টারের জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি হয়নি।
প্রতিপক্ষের রক্ষণে চাপ অব্যহত রেখে ৬৫তম মিনিটে এগিয়ে যায় চেলসি। বক্সের মধ্যে বল নিয়ে দ্রুত ঢোকা নেমানিয়া মাতিচকে জেফ্রি শ্লুপ ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দৌড় শুরু করে এক দফা থমকে স্মাইকেলকে ছিটকে দিয়ে স্কোরলাইন ১-০ করেন স্পেনের মিডফিল্ডার ফাব্রেগাস।
চেলসিকে হারাতে পারলে ইপিএলের অষ্টাদশ কোচ হিসেবে ১০০ জয়ের মাইলফলক ছুঁতেন রানিয়েরি।
লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ ছিল ভার্ডির সামনে। কিন্তু টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইনের (২৫ গোল) পেছনে থেকে এ যাত্রায় থামতে হলো ইংল্যান্ডের এই ফরোয়ার্ডকে (২৪ গোল)।
এদিকে, অলিভিয়ে জিরুদের হ্যাটট্রিকে ৪-০ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে রানার্সআপ হয়েছে আর্সেন ভেঙ্গারের দল।
টটেনহ্যাম হটস্পারকে রোববার লিগের শেষ রাউন্ডে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে অবনমন অঞ্চলের দল নিউক্যাসল ইউনাইটেড।
৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করল আর্সেনাল। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় টটেনহ্যাম।
অন্য ম্যাচে সোয়ানসি সিটির মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছে ম্যানচেস্টার সিটি। এই ড্রয়ের পর ৬৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা সিটির আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারিতে খেলা বলতে গেলে নিশ্চিতই।
ইপিএলের প্রথম তিনটি দল সরাসরি আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। আর চতুর্থ স্থান পাওয়া দলটিকে খেলতে হবে প্রিলিমিনারি রাউন্ড।
ইউনাইটেডের ইউরোপা লিগের প্রিলিমিনারি রাউন্ডের খেলা অবশ্য নিশ্চিত। শেষ ম্যাচে হার এড়ালে পঞ্চম স্থানে উঠে ইউরোপা লিগে সরাসরি খেলতে পারবে লুই ফন খালের দল। এফ এ কাপের ফাইনালে ক্রিস্টার প্যালেসকে হারালেও সরাসরি ইউরোপা লিগে যাবে তারা।
৬৩ পয়েন্ট নিয়ে এখন পঞ্চম স্থানে থাকা ও প্রথম ছয়টি দলের মধ্যে থাকা নিশ্চিত করা সাউথ্যাম্পটনেরও ইউরোপা লিগের প্রিলিমিনারিতে খেলা নিশ্চিত।
৬২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকা ওয়েস্ট হ্যামও ইউরোপা লিগের প্রিলিমিনারিতে সুযোগ পাবে যদি এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইডেট জেতে।
ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের মাঠে ১-১ গোলে ড্র করায় লিভারপুলের ইউরোপা লিগে খেলার সামান্য সম্ভাবনাও শেষ হয়ে গেছে। ৬০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে স্থানে লিগ শেষ করেছে ইয়ুর্গেন ক্লপের দল।
ইপিএলের পয়েন্ট তালিকা:
অবস্থান | দল | ম্যাচ | জয় | ড্র | হার | গোল পার্থক্য | পয়েন্ট |
১ | লেস্টার সিটি | ৩৮ | ২৩ | ১২ | ৩ | +৩২ | ৮১ |
২ | আর্সেনাল | ৩৮ | ২০ | ১১ | ৭ | +২৯ | ৭১ |
৩ | টটেনহ্যাম হটস্পার | ৩৮ | ১৯ | ১৩ | ৬ | +৩৪ | ৭০ |
৪ | ম্যানচেস্টার সিটি | ৩৮ | ১৯ | ৯ | ১০ | +৩০ | ৬৬ |
৫ | সাউথ্যাম্পটন | ৩৮ | ১৮ | ৯ | ১১ | +১৮ | ৬৩ |
৬ | ম্যানচেস্টার ইউনাইটেড | ৩৭ | ১৮ | ৯ | ১০ | +১২ | ৬৩ |
৭ | ওয়েস্ট হ্যাম ইউনাইটেড | ৩৮ | ১৬ | ১৪ | ৮ | +১৪ | ৬২ |
৮ | লিভারপুল | ৩৮ | ১৬ | ১২ | ১০ | +১৩ | ৬০ |
৯ | স্টোক সিটি | ৩৮ | ১৪ | ৯ | ১৫ | −১৪ | ৫১ |
১০ | চেলসি | ৩৮ | ১২ | ১৪ | ১২ | +৬ | ৫০ |
১১ | এভারটন | ৩৮ | ১১ | ১৪ | ১৩ | +৪ | ৪৭ |
১২ | সোয়ানসি সিটি | ৩৮ | ১২ | ১১ | ১৫ | −১০ | ৪৭ |
১৩ | ওয়াটফোর্ড | ৩৮ | ১২ | ৯ | ১৭ | −১০ | ৪৫ |
১৪ | ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন | ৩৮ | ১০ | ১৩ | ১৫ | −১৪ | ৪৩ |
১৫ | ক্রিস্টাল প্যালেস | ৩৮ | ১১ | ৯ | ১৮ | −১২ | ৪২ |
১৬ | বোর্নমাউথ | ৩৭ | ১১ | ৯ | ১৭ | −২০ | ৪২ |
১৭ | সান্ডারল্যান্ড | ৩৮ | ৯ | ১২ | ১৭ | −১৪ | ৩৯ |
১৮ | নিউক্যাসল ইউনাইটেড | ৩৮ | ৯ | ১০ | ১৯ | −২১ | ৩৭ |
১৯ | নরিচ সিটি | ৩৮ | ৯ | ৭ | ২২ | −২৮ | ৩৪ |
২০ | অ্যাস্টন ভিলা | ৩৮ | ৩ | ৮ | ২৭ | −৪৯ | ১৭ |
