জিরুদের হ্যাটট্রিকে রানার্সআপ আর্সেনাল
সবার আগে অবনমন নিশ্চিত হওয়া অ্যাস্টন ভিলার বিপক্ষে দারুণ এক জয়ে প্রিমিয়ার লিগ শেষ করল আর্সেনাল। অলিভিয়ে জিরুদের হ্যাটট্রিকে ৪-০ গোলের এই জয়ে টটেনহ্যামকে পেছনে ফেলে রানার্সআপ হয়েছে আর্সেন ভেঙ্গারের দল।
টটেনহ্যামকে রোববার লিগের শেষ রাউন্ডে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে অবনমন অঞ্চলের দল নিউক্যাসল ইউনাইটেড।
৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করল আর্সেনাল। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় টটেনহ্যাম।
হার এড়ালেই সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পাওয়ার সহজ সমীকরণে ঘরের মাঠে খেলতে নামা আর্সেনাল পঞ্চম মিনিটেই এগিয়ে যায়। বাঁ-দিক থেকে নাচো মনরিলের ক্রসে হেডে গোলটি করেন অলিভিয়ে জিরুদ। ডান দিকে ঝাঁপিয়ে বলে হাত লাগিয়েছিলেন গোলরক্ষক, কিন্তু দলকে গোল খাওয়া থেকে বাঁচাতে পারেননি।
৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন জ্যাক উইলশেয়ার, কিন্তু আলেক্সিস সানচেসের ক্রসে কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন এই ইংলিশ মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি জয় নিশ্চিত করে ফেলেন জিরুদ।
৭৮তম মিনিটে মেসুত ওজিলের নিচু ক্রসে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান এই ফরাসি স্ট্রাইকার। তার তৃতীয় গোলটিতে দারুণ অবদান ছিল হেক্তর বেলেরিনের। অনেকটা দূর থেকে এই স্প্যানিশ ডিফেন্ডারের রক্ষণ চেরা পাস ধরে কোনাকুনি শটে তৃতীয় গোলটি করেন জিরুদ।
এই নিয়ে এবারের ইপিএলে মোট ১৬টি গোল করলেন জিরুদ।
দুই ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হওয়া লেস্টার সিটি জয় দিয়ে লিগ শেষ করতে পারেনি, চেলসির মাঠে ১-১ গোলে ড্র করেছে ক্লাওদিও রানিয়েরির দল। ফুটবল ইতিহাসে নতুন রূপকথার জন্ম দেওয়া দলটির পয়েন্ট ৮১।
অন্য ম্যাচে সোয়ানসি সিটির মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছে ম্যানচেস্টার সিটি। এই ড্রয়ের পর ৬৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা সিটির আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারিতে খেলা বলতে গেলে নিশ্চিতই।
নিরাপত্তা শঙ্কায় রোববার ম্যানচেস্টার ইউনাইটেড আর বোর্নমাউথের ম্যাচটি পণ্ড হয়ে যায়। ৩৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। বোর্নমাউথের বিপক্ষে জিতে সিটির সমান পয়েন্ট পেলেও তাদের চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, গোল পার্থক্যে সিটির (৩০) চেয়ে অনেক পিছিয়ে আছে ইউনাইটেড (১২)।
ইপিএলের প্রথম তিনটি দল সরাসরি আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। আর চতুর্থ স্থান পাওয়া দলটিকে খেলতে হবে প্রিলিমিনারি রাউন্ড।
ইউনাইটেডের ইউরোপা লিগের প্রিলিমিনারি রাউন্ডের খেলা অবশ্য নিশ্চিত। শেষ ম্যাচে হার এড়ালে পঞ্চম স্থানে উঠে ইউরোপা লিগে সরাসরি খেলতে পারবে লুই ফন খালের দল। এফ এ কাপের ফাইনালে ক্রিস্টার প্যালেসকে হারালেও সরাসরি ইউরোপা লিগে যাবে তারা।
৬৩ পয়েন্ট নিয়ে এখন পঞ্চম স্থানে থাকা ও প্রথম ছয়টি দলের মধ্যে থাকা নিশ্চিত করা সাউথ্যাম্পটনেরও ইউরোপা লিগের প্রিলিমিনারিতে খেলা নিশ্চিত।
৬২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকা ওয়েস্ট হ্যামও ইউরোপা লিগের প্রিলিমিনারিতে সুযোগ পাবে যদি এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইডেট জেতে।
ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের মাঠে ১-১ গোলে ড্র করায় লিভারপুলের ইউরোপা লিগে খেলার সামান্য সম্ভাবনাও শেষ হয়ে গেছে। ৬০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে স্থানে লিগ শেষ করেছে ইয়ুর্গেন ক্লপের দল।
ইপিএলের পয়েন্ট তালিকা:
অবস্থান | দল | ম্যাচ | জয় | ড্র | হার | গোল পার্থক্য | পয়েন্ট |
১ | লেস্টার সিটি | ৩৮ | ২৩ | ১২ | ৩ | +৩২ | ৮১ |
২ | আর্সেনাল | ৩৮ | ২০ | ১১ | ৭ | +২৯ | ৭১ |
৩ | টটেনহ্যাম হটস্পার | ৩৮ | ১৯ | ১৩ | ৬ | +৩৪ | ৭০ |
৪ | ম্যানচেস্টার সিটি | ৩৮ | ১৯ | ৯ | ১০ | +৩০ | ৬৬ |
৫ | সাউথ্যাম্পটন | ৩৮ | ১৮ | ৯ | ১১ | +১৮ | ৬৩ |
৬ | ম্যানচেস্টার ইউনাইটেড | ৩৭ | ১৮ | ৯ | ১০ | +১২ | ৬৩ |
৭ | ওয়েস্ট হ্যাম ইউনাইটেড | ৩৮ | ১৬ | ১৪ | ৮ | +১৪ | ৬২ |
৮ | লিভারপুল | ৩৮ | ১৬ | ১২ | ১০ | +১৩ | ৬০ |
৯ | স্টোক সিটি | ৩৮ | ১৪ | ৯ | ১৫ | −১৪ | ৫১ |
১০ | চেলসি | ৩৮ | ১২ | ১৪ | ১২ | +৬ | ৫০ |
১১ | এভারটন | ৩৮ | ১১ | ১৪ | ১৩ | +৪ | ৪৭ |
১২ | সোয়ানসি সিটি | ৩৮ | ১২ | ১১ | ১৫ | −১০ | ৪৭ |
১৩ | ওয়াটফোর্ড | ৩৮ | ১২ | ৯ | ১৭ | −১০ | ৪৫ |
১৪ | ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন | ৩৮ | ১০ | ১৩ | ১৫ | −১৪ | ৪৩ |
১৫ | ক্রিস্টাল প্যালেস | ৩৮ | ১১ | ৯ | ১৮ | −১২ | ৪২ |
১৬ | বোর্নমাউথ | ৩৭ | ১১ | ৯ | ১৭ | −২০ | ৪২ |
১৭ | সান্ডারল্যান্ড | ৩৮ | ৯ | ১২ | ১৭ | −১৪ | ৩৯ |
১৮ | নিউক্যাসল ইউনাইটেড | ৩৮ | ৯ | ১০ | ১৯ | −২১ | ৩৭ |
১৯ | নরিচ সিটি | ৩৮ | ৯ | ৭ | ২২ | −২৮ | ৩৪ |
২০ | অ্যাস্টন ভিলা | ৩৮ | ৩ | ৮ | ২৭ | −৪৯ | ১৭ |
