২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্পদোরিয়াকে উড়িয়ে শিরোপা উদযাপন ইউভেন্তুসের

পাওলো দিবালার দারুণ নৈপুণ্যে সেরি আয় শেষটা দুর্দান্ত হয়েছে চ্যাম্পিয়ন ইউভেন্তুসের। শেষ রাউন্ডের ম্যাচে শুরুতেই ১০ জনের দলে পরিণত হওয়া সাম্পদোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তিন ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করা মাস্সিমিলিয়ানো আলেগ্রির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 12:57 AM

Updated : 11 Oct 2022, 08:14 PM

ঘরের মাঠে শনিবারের এই ম্যাচে জোড়া গোল করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড দিবালা।

পঞ্চম মিনিটে ফরাসি ডিফেন্ডার পাট্রিস এভরার গোলে পিছিয়ে পড়ার ৯ মিনিট পর বড় ধাক্কাটা খায় সাম্পদোরিয়া; সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্লোভাকিয়ার ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার।

এক জন কম নিয়ে স্বাগতিকদের বিপক্ষে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি সাম্পদোরিয়া। পঞ্চদশ ও ৩৭তম মিনিটে দুই গোল করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন দিবালা।

এই দুই গোলে তরুণ ফরোয়ার্ডের এবারের লিগে মোট গোল হলো ১৯টি।

আর ৭৭তম মিনিটে জর্জো কিয়েল্লিনি ও ৮৫তম মিনিটে লিওনার্দো বোনুচ্চির গোলে বড় জয় নিশ্চিত হয় এবার ৩২ বারের মতো লিগ জেতা ইউভেন্তুসের। দারুণ এই জয়ের আনন্দে ম্যাচ শেষে শিরোপা নিয়ে উদযাপনে মেতে ওঠে তারা। 

এই জয়ে ৯১ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল টানা পঞ্চমবারের মতো শিরোপা জেতা ইউভেন্তুস।