মরিশাসে দ্বিতীয় রাউন্ডে পেছালেন সিদ্দিকুর
আফ্রোএশিয়া ব্যাংক মরিশাস ওপেনে দ্বিতীয় রাউন্ড শেষে তৃতীয় স্থানে আছেন সিদ্দিকুর রহমান। এক ধাপ পেছালেও দ্বিতীয় রাউন্ডের খেলা নিয়ে খুশি বাংলাদেশের এই গলফার।
অ্যানাহিতার ফোর সিজনস গলফ ক্লাব কোর্সে শুক্রবার দ্বিতীয় রাউন্ডের খেলায় দুটি বার্ডি ও দুটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে চার শট কম খেলে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন তিনি।
পারের চেয়ে চার শট কম খেলে মরিশাসের এই আসর শুরু করেন সিদ্দিকুর; প্রথম রাউন্ডে যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
পারের সমান শট খেললেও দ্বিতীয় রাউন্ডের পারফরম্যান্স নিয়ে খুশি সিদ্দিকুর; বিশেষ করে বার্ডি দিয়ে শেষ করায় স্বস্তিটা আরও বেশি তার।
“আমার মনে হয়, গতকালের তুলনায় আজকে বাতাস শক্তিশালী ছিল। ১৭ নম্বর হোলে আমি আসলেই ভালো শট খেলেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি বোগি হলো। কিন্তু পরের হোলে বার্ডি করে আগের ঘাটতি পুষিয়ে নেওয়াটা ছিল দারুণ।”
“সব মিলিয়ে এটা (দ্বিতীয় রাউন্ডের পারফরম্যান্স) ভালো ছিল। ধৈর্য্য ধরে আমি লেগে ছিলাম। এটা আসলেই খুব কঠিন ছিল, তাই যেভাবে খেলেছি তাতে আমি ভীষণ খুশি।”
পারের চেয়ে আট শট কম খেলে মরিশাসের এই আসরে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার গলফার অ্যান্ড্রু ডট।
চলতি বছর এশিয়ান ট্যুরে এখন পর্যন্ত সাফল্য পাননি সিদ্দিকুর। এশিয়ান ট্যুরের গত আসর জাপানের প্যানাসনিক ওপেনে ৭৪তম হন তিনি। তার আগে নয়া দিল্লিতে হিরো ওপেনে ৫৮তম হয়েছিলেন সিদ্দিকুর।
