বেতন-ভাতায় মেসিকে পেছনে ফেললেন রোনালদো
বেতন-বোনাস ও এন্ডোর্সমেন্ট মিলিয়ে গত বছর ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ পেয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো। ফোর্বস সাময়িকীর হিসেবে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বার্সেলোনার লিওনেল মেসি।
ফোর্বস সাময়িকীর তালিকায় আবারও বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের মর্যাদা পাওয়া রিয়ালের তারকা ফরোয়ার্ড রোনালদো গত বছর মোট ৮ কোটি ২০ লাখ ডলার পান। এর মধ্যে বার্ষিক বেতন ও বোনাস ৫ কোটি ৩০ লাখ ডলার। আর ২ কোটি ৯০ লাখ ডলার তিনি পান এন্ডোর্সমেন্ট থেকে।
বেতন, বোনাস ও এন্ডোর্সমেন্ট মিলিয়ে তিন বারের বর্ষসেরা ফুটবলার ৩১ বছর বয়সী রোনালদো সব ধরনের দলীয় খেলাগুলোর মধ্যেও সর্বোচ্চ অর্থ পাওয়া খেলোয়াড়।
বেতন, বোনাস ও এন্ডোর্সমেন্ট মিলিয়ে গত বছর চতুর্থ সর্বোচ্চ অর্থ পান বার্সেলোনার ফরোয়ার্ড নেইমার। ফোর্বসের তালিকায় বেতন-বোনাসের চেয়ে এন্ডোর্সমেন্ট বেশি পাওয়া একমাত্র ফুটবলার ব্রাজিলের এই অধিনায়ক। ২০১৫ সালে এন্ডোর্সমেন্ট থেকে তিনি পান ২ কোটি ২০ লাখ ডলার। আর বেতন-বোনাস পান ১ কোটি ৪০ লাখ ডলার। ২০১৩ সালে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে নাম লেখানো গ্যারেথ বেল গত বছর ৩ কোটি ৪০ লাখ ডলার পেয়ে আছেন এই তালিকার পঞ্চম স্থানে।
বার্সেলোনার আক্রমণ ত্রয়ীর তৃতীয় সদস্য লুইস সুয়ারেস ফোর্বসের তালিকায় অষ্টম স্থানে আছেন। গত বছর তিনি পান ২ কোটি ৩০ লাখ ডলার।
