২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লা লিগার শিরোপা বার্সেলোনার প্রাপ্য: এনরিকে

পুরো মৌসুম জুড়ে বার্সেলোনা যেভাবে খেলেছে এবং যত সময় ধরে তারা শীর্ষে আছে তাতে লা লিগার শিরোপা তাদের প্রাপ্য বলে মনে করেন কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 05:39 PM

Updated : 12 Apr 2022, 02:01 AM

নিজেদের মাঠ কাম্প নউয়ে গত রোববার নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখার শেষ ধাপে পৌঁছে গেছে বার্সেলোনা। একই দিন নিজেদের মাঠে ভালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে তাদের ঠিক পেছনেই আছে রিয়াল মাদ্রিদ। 
 
শেষ রাউন্ডের ম্যাচটি জিতলেই শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসবে ৩৭ রাউন্ড শেষে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা। ৮৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। 

ম্যাচ শেষে এনরিকে বলেন, “যত দিন আমরা শীর্ষে কাটিয়েছি তাতে লিগ শিরোপা আমাদের প্রাপ্য। আর আমি আশা করি, শেষ ম্যাচটি জিততে আমরা নিখুঁত খেলবো।” 
 
আগামী শনিবার বার্সেলোনা তাদের শেষ ম্যাচটি খেলবে গত রোববার সেভিয়ার মাঠে ৪-১ গোলে জিতে অবনমন এড়ানো নিশ্চিত করা গ্রানাদার মাঠে। 
 
তুলনামূলক ছোট দলের বিপক্ষে খেলা নিয়েও বেশ সতর্ক এনরিকে।
 
“শিরোপা লড়াই এখনও শেষ হয়নি-আপনাদের শুধু দেখতে হবে আজ আতলেতিকোর সঙ্গে কী হয়েছে (লেভান্তের কাছে ২-১ গোলে হেরেছে তারা)। অবনমন নিশ্চিত হওয়া একমাত্র দল স্পেন ও ইউরোপের অন্যতম সেরা দলকে হারিয়ে দিল।”
 
“প্রতিপক্ষের মাঠে খেলা সব সময়ই একটা অসুবিধা, কিছু বিষয় থাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। আমরা কেবল ছোট একটি পদক্ষেপ কাছে এগিয়েছি।”
 
শেষ রাউন্ডে বার্সেলোনা আর রিয়াল দুই দলেরই উদ্বেগ থাকবে বলে মনে করেন এনরিকে। 
 
“এক ম্যাচে লিগ নির্ধারণ হলে উদ্বেগ থাকবে। রিয়াল মাদ্রিদও আমাদের মতো একই পরিস্থিতিতে আছে। কারণ, তারা লিগ জয়ের জন্য একটি ম্যাচ খেলছে, যেটা প্রতিপক্ষের মাঠে।”

পুরনো খবর:

মেসি-নেইমার-সুয়ারেসের গোলে শিরোপার পথে বার্সেলোনা
কষ্টের জয়ে শিরোপা লড়াইয়ে থাকল রিয়াল