২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা কাপে প্রথম শিরোপা চট্টগ্রাম আবাহনীর

দলবদলের জটিলতায় নেই মামুনুল ইসলামসহ নির্ভরযোগ্য পাঁচ ফুটবলার। সেমি-ফাইনালের জয়টিও কষ্টে টাইব্রেকার পেরিয়ে। তবে ফাইনালে দেখা গেল দুর্দান্ত এক চট্টগ্রাম আবাহনীকে। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে স্বাধীনতা কাপের প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়েছে বন্দর নগরীর দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 07:44 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার লিওনেল সেইন্ট প্রিয়াক্সের গোলে এগিয়ে যাওয়ার পর রুবেল মিয়ার দৃষ্টিনন্দন গোলে জয়ের হাসি হেসেছে জোসেফ পাভলিকের দল।

সেমি-ফাইনালে ৬-০ গোলে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে উড়িয়ে দেওয়া আবাহনীর শিরোপা নির্ধারণী ম্যাচের খেলায় ছিল না প্রত্যাশিত ধার। প্রথমার্ধে বলার মতো দুটি আক্রমণই চট্টগ্রাম আবাহনীর করা। ২৪তম মিনিটে রেজাউল করিম রেজার নেওয়া শট কাছের পোষ্ট ঘেঁষে বাইরে চলে যায়।

৪৩তম মিনিটে প্রতি আক্রমণ থেকে নেওয়া প্রিয়াক্সের শট দারুণ দক্ষতায় ফেরান আবাহনী গোলরক্ষক সুলতান সাকিল আহমেদ। এক মিনিট পর রুবেলের শটও কর্নারের বিনিময়ে ফিরিয়ে আবাহনীর ত্রাতা সাকিল।

নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচের ফল বের করে নেওয়ার ঘোষণা আগের দিনই দিয়েছিলেন চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ড জাহিদ হোসেন। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়ায় দলটি। সুফলও পেয়ে যায় ৫৫তম মিনিটে। সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের মধ্যে মাটি কামড়ানো শটে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে নেন প্রিয়াক্স।

এগিয়ে যাওয়ার রেশ থাকতেই ৬২তম মিনিটে রুবেলের হাত ধরে ব্যবধান দ্বিগুণ করে নেয় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শিরোপা জেতা দলটি। কৌশিক বড়ুয়ার ক্রসে বাইসাইকেল কিকে সাকিলকে পরাস্ত করেন এই ফরোয়ার্ড।

প্রতিপক্ষের তিন নির্ভরযোগ্য খেলোয়াড় লি টাক, ৬ গোল করা সানডে চিজোবা ও কামারা সাররাকে কড়া পাহারায় রেখে দলকে জয়ের পথে রাখেন চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডাররা। ৭১তম মিনিটে সেনেগালের ফরোয়ার্ড সাররাকে তুলে নিয়ে নাবীব নেওয়াজকে নামানো হয়, কিন্তু ম্যাচে ফেরা গোল অধরাই থেকে যায় দলটির।

শেষ দিকে আবাহনীর ডিফেন্ডার ওয়ালী ফয়সালের দূরপাল্লার শট গোললাইন থেকে ফেরান ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম।

দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে বল বিপদমুক্ত করতে গিয়ে চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার সোহেল রানা প্রায় আত্মঘাতী গোল করতে বসেছিলেন; পোস্ট ঘেঁষে বল বাইরে বেরিয়ে গেলে শিরোপা জয়ের উৎসব নিশ্চিত হয়ে যায় বন্দর নগরীর দলটি।