২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুত রোনালদো, অনিশ্চিত বেনজেমা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগে খেলার জন্য প্রস্তুত হচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে অনিশ্চিত হয়ে পড়েছেন রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের আরেক তারকা করিম বেনজেমা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 07:51 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

ঊরুর চোটের কারণে গত শনিবার লিগে রায়ো ভায়েকানোর বিপক্ষে ৩-২ গোলে জেতা ম্যাচে খেলতে পারেননি রোনালদো। তবে আগামী মঙ্গলবার ম্যানচেস্টার সিটির মাঠে ইউরোপ সেরার লড়াইয়ে তার খেলতে কোনো সমস্যা নেই বলে নিশ্চিত করেছেন জিনেদিন জিদান।

ভায়েকানোর বিপক্ষে ম্যাচ শেষে এ প্রসঙ্গে জিদান বলেন, “সে ঠিক আছে। সে দলের সঙ্গে যাবে।”

ভায়েকানোর মাঠে প্রথমে দুই গোলে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় রিয়াল। তবে ওই ম্যাচেই বিরতির খানিক আগে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন বেনজেমা।

জিদান অবশ্য আশা করছেন তার স্বদেশি শিষ্যের চোট তেমন গুরুতর নয়।

“আশা করি, এটা তেমন কিছু নয় এবং সে খেলতে পারবে।”