ম্যাচ জেতানো বেলের বন্দনা
ক্রিস্তিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মাদ্রিদকে জয় এনে দেওয়া গ্যারেথ বেলকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছেন কোচ জিনেদিন জিদান।
ভায়েকানোর মাঠে গত শনিবার ২-০ ব্যবধানে পিছিয়ে পড়া রিয়ালকে জেতাতে জোড়া গোল করেন ওয়েলসের তারকা ফরোয়ার্ড বেল। ম্যাচটি শেষে ৩-২ গোলে জেতে জিদানের দল।
ম্যাচ শেষে জিদান বলেন, “আমি খুব খুশি এবং সেও পার্থক্য গড়ে দিতে পেরে খুব খুশি। সে দারুণ কাজ করেছে। শারীরিক দিক থেকে সে ভালো আছে। এই দুই গোল ছাড়াও সে আক্রমণ আর রক্ষণের দিক থেকে খুব ভালো কাজ করেছে।”
“এটা তার আর দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার কিছু অস্বস্তি ছিল। আর আজ সে অসাধারণ খেলেছে।”
১৪ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোটা সহজ ছিল না বলে জানান জিদান। শিষ্যদের খেলায় মুগ্ধ রিয়াল কোচ।
“পার্থক্য গড়ে দেওয়ার মতো ধৈর্য আছে তাদের এবং আমরা জানি, আমাদেরও মানসম্পন্ন খেলোয়াড় আছে, যারা পার্থক্য গড়ে দেয়।”
“আমরা লড়াই করেছি এবং জয় করেছি। সিটির বিপক্ষে নামার আগে এই ম্যাচ ভালোই। এখন অন্য লড়াই। সম্পূর্ণ ভিন্ন ম্যাচ। আমরা ভালোভাবে প্রস্তুতি নেব।”
