নেইমার কখনোই হাল ছাড়ে না: এনরিকে
নেইমার এমন একজন খেলোয়াড়, যে কখনোই হাল ছাড়ে না বলে দাবি করেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে।
লুইস সুয়ারেসের চার গোলে নিজেদের মাঠ কাম্প নউতে গত শনিবার স্পোর্তিং গিহনকে ৬-০ ব্যবধানে হারায় বার্সেলোনা। ‘এমএসএন’ ত্রয়ীর মধ্যে লিওনেল মেসি ও লুইস সুয়ারেস দুর্দান্ত খেললেও অনেকটা নিষ্প্রভ ছিলেন নেইমার। গোলের অনেকগুলো সুযোগ নষ্ট করার পর পেনাল্টি থেকে একটি গোল করেন ব্রাজিল অধিনায়ক।
গত বুধবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে পাঁচ ম্যাচের গোল-খরা কাটানো নেইমারের ফর্ম নিয়ে এর আগে থেকেই বেশ সমালোচনা হচ্ছে।
ম্যাচ শেষে এনরিকে জানালেন নেইমারের উপর পুরো আস্থা আছ তার।
“সে একজন শীর্ষ খেলোয়াড় এবং সবকিছু করার চেষ্টা করে যায়।”
“সে কখনোই হাল ছাড়ে না। সে সব সময় লড়াই করতে থাকে। সে আমাদের প্রতিদ্বন্দ্বীদের চাপ দেবে। … সে শীর্ষ একজন খেলোয়াড়।”
নেইমারের সবচেয়ে বেশি প্রয়োজনের সময় সমর্থকরা তাকে সমর্থন করলে খুশি হবেন বলে জানান এনরিকে।
নেইমারকে নিয়ে কোচের সুরে কথা বলেন বার্সেলোনার ডিফেন্ডার জেরার্দ পিকেও।
“নেইমার দলের কাছে খুব গুরুত্বপুর্ণ এবং আমাদের তাকে তার প্রাপ্য সমর্থন জোগাতে হবে; কারণ, সে আমাদের অনেক কিছু দিয়েছে।”
