২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোকে যে কেউ দলে পেতে চাইবে: পেল্লেগ্রিনি

ক্রিস্তিয়ানো রোনালদোকে যে কেউই দলে পেতে চাইবে বলে মনে করেন ম্যানচেস্টার সিটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 04:22 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

আগামী মঙ্গলবার নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম পর্বের ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে সিটি। এই ম্যাচে রোনালদোই তার দলের বড় হুমকি বলে মনে করেন রিয়ালের সাবেক কোচ পেল্লেগ্রিনি। 
 
ঊরুর চোটের কারণে শনিবার লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচে রোনালদোকে খেলাবেন না রিয়ালের কোচ জিনেদিন জিদান। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪৪ ম্যাচে ৪৭ গোল করা এই তারকা ফরোয়ার্ড সিটি ম্যাচের আগে প্রস্তুত হয়ে উঠবেন বলে জানান তিনি। 
 
স্পেনের ক্রীড়া দৈনিক মার্কাকে সাক্ষাৎকার দেওয়ার সময় ‘রিয়ালের কোন খেলোয়াড়কে তিনি সিটিতে চাইবেন’ প্রশ্নে পেল্লেগ্রিনি বলেন, “কোনো সন্দেহ ছাড়া রোনালদো। সে অসাধারণ এক খেলোয়াড় এবং একটি ম্যাচে বিরাট পরিবর্তন করে দেয়।”
 
চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে ১০ ম্যাচে ১৬ গোল করা রোনালদোকে নিয়ে পেল্লিগ্রিনি বলেন, “আপনি চাইলে তার সব সমালোচনাই করতে পারেন। কিন্তু সে সত্যিকারের এক পেশাদার, একজন বিজয়ী। একজন খেলোয়াড়, যে প্রতিদিন লড়াই করে। সবাই তাকে দলে পেতে চাইবে।”