২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের সমালোচকদের জবাব দিলেন সুয়ারেস

সম্প্রতি বার্সেলোনার বাজে সময়ের জন্য নেইমারের সমালোচনার জবাব দিয়েছেন সতীর্থ লুইস সুয়ারেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 04:54 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

গত বুধবার নিজেদের মাঠে দেপোর্তিভো লা করুনাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে ছন্দে ফেরার আগে সব ধরনের প্রতিযোগিতায় খেলা সবশেষ ৬ ম্যাচের চারটিতেই হেরেছিল বার্সেলোনা।

এর মধ্যে আছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় পর্বে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলের হারটিও, যে হারে শেষ হয়ে যায় লুইস এনরিকের দলের টানা দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের স্বপ্ন।

চারটি গোল করে আর সতীর্থদের দিয়ে আরও তিনটি গোল করিয়ে দেপোর্তিভোর বিপক্ষে বার্সেলোনার জয়ের নায়ক ছিলেন সুয়ারেস। আর নেইমার কাটান পাঁচ ম্যাচের গোল-খরা।

সুয়ারেস বলেন, “বিষয়গুলো যখন বাজেভাবে যায়, তখন আমরা সবাই দায় নেই। গত কিছু দিন একজন ব্যক্তিকেই দোষারোপ করা হয়েছে। কিন্তু এটা ঠিক ছিল না। আমরা যন্ত্র নই; প্রত্যেক খেলোয়াড়ই বাজে সময়ের মধ্য দিয়ে যায়। এটা কষ্ট দেয় যে, নেইমারকে দোষারোপ করা হয়েছে।”

“আমরা যখন জিতছিলাম, তখন কেউ বলেনি যে, নেইমার জিতছিল। … তাকে দোষ দেওয়াটা ন্যায্য ছিল না। কিন্তু একটা বিষয় তার পক্ষে আছে; সে সব সময় লড়াই করে এবং কখনও হাল ছাড়ে না।”