২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্ব সেরা স্ট্রাইকারদের একজন আগুয়েরো’

ইংলিশ প্রিমিয়ার লিগে একশ’ গোলের মাইলফলকে পৌঁছানো সের্হিও আগুয়েরোকে বিশ্ব সেরা স্ট্রাইকারদের একজন বলে দাবি করেছেন তার ম্যানচেস্টার সিটি সতীর্থ রাহিম স্টার্লিং। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 07:19 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

গত মঙ্গলবার নিউক্যাসলের মাঠ থেকে ১-১-এ ড্র করে ফেরা ম্যাচে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেওয়া গোলটি করেন আগুয়েরো। 
 
দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হিসেবে (১৪৭ ম্যাচ) প্রিমিয়ার লিগে ১০০ গোল করলেন তিনি। এর আগে ১২৪টি ম্যাচ খেলে এই মাইলফলকে পৌঁছেছিলেন অ্যালেন শিয়েরার।
 
স্টার্লিং বলেন, “সে দারুণ এক খেলোয়াড়। সবসময় গোল করতে পারে এমন একজন খেলোয়াড় আপনার দলের জন্য একটি বড় সম্পদ।”

“সে এমন একজন খেলোয়াড়, যে কোনো ফুটবল ম্যাচে যে কোনো সময়ে গোল করতে পারে।”

ম্যানচেস্টার সিটির ওয়েবসাইটে স্টার্লিং বলেন, “স্পষ্টভাবে সে বিশ্বের সেরা স্ট্রাইকারদের মধ্যে আছে। সে এমন এক খেলোয়াড় যে বড় ম্যাচে গোল করে, ফল নির্ধারক গোল। একজন শীর্ষ খেলোয়াড় হিসেবে আপনাকে এরকম হতে হবে এবং সের্হিও সম্পূর্ণ এরকমই।”