বড় জয়ে শিরোপা স্বপ্ন টিকে রইল নাপোলির
বেলজিয়ামের উইঙ্গার ড্রিস মের্টেন্সের হ্যাটট্রিকে সেরি আতে বোলোনিয়াকে ৬-০ ব্যবধানে হারিয়ে শিরোপা স্বপ্ন টিকিয়ে রেখেছে নাপোলি।
নিজেদের মাঠে গত মঙ্গলবার দশম মিনিটে বোলোনিয়ার জালে নাপোলির গোল-উৎসবের সূচনা করেন মানোলো গাব্বিয়াদিনি। ২৫ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করা গোলটিও করেন নিষেধাজ্ঞার জন্য দলে না থাকা গনসালো হিগুয়াইনের পরিবর্তে নাপোলির আক্রমণভাগকে নেতৃত্ব দেওয়া ইতালিয়ান এই স্ট্রাইকার।
মের্টেন্স তার জাদু দেখান দ্বিতীয়ার্ধে। ৫৮তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন তিনি। ৮০তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন বেলজিয়ামের উইঙ্গার। আর হ্যাটট্রিক পূর্ণ করা গোলটি মের্টেন্স করেন এর ৮ মিনিট পর।
লিগে এর আগের তিন ম্যাচের দুটিতে হারা নাপোলি এখন ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা ইউভেন্তুসের পয়েন্ট ৭৯।
নাপোলি বোলোনিয়ার কাছে হেরে গেলে ইউভেন্তুস বুধবার লাৎসিওর বিপক্ষে জিতলে টানা পঞ্চমবারের মতো লিগ শিরোপা জিতে যেত।
এই জয়ে তৃতীয় স্থানে থাকা রোমার থেকে ৮ পয়েন্ট এগিয়ে আছে নাপোলি।
সেরি আ থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার সুযোগ পাবে শীর্ষ দুই দল। তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করা দলকে খেলতে হবে প্লে-অফ।
