মেসি, বোল্টকে হারিয়ে সেরা জোকোভিচ
বছর জুড়ে ফুটবল মাঠে দাপট দেখানো লিওনেল মেসি আর বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টকে হারিয়ে লরিয়াস বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন টেনিস তারকা নোভাক জোকোভিচ।
লরিয়াস বর্ষসেরা মহিলা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন টেনিসের এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামস। যুক্তরাষ্ট্রের ফুটবলার কার্লি লয়েড, জ্যামাইকার স্প্রিন্টার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসকে হারিয়ে সেরা হন যুক্তরাষ্ট্রের সেরেনা।
জার্মানির রাজধানী বার্লিনে সোমবার রাতের এক জমকালো অনুষ্ঠানে জোকোভিচ ও সেরেনার হাতে পুরস্কার তুলে দেওযা হয়। এই দুজনই গত বছর চারটি গ্র্যান্ড স্ল্যামের তিনটি করে জেতেন।
ক্যারিয়ারে তারা দুজনই এই পুরস্কার তৃতীয়বার করে জিতলেন। সেরেনা এর আগে ২০০৩ ও ২০১০ সালে জিতেছিলেন আর জোকোভিচ জিতেছিলেন ২০১২ ও ২০১৫ সালে।
গত মাসে ক্যান্সারে ভুগে মারা যাওয়া নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার ও কোচ ইয়োহান ক্রুইফকে মরণোত্তর ‘স্পিরিট অব স্পোর্ট’ সম্মান দেওয়া হয়।
