২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিস্টালের সঙ্গে ড্র আর্সেনালের

প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ঘরের মাঠে এগিয়ে গেলেও জিততে পারেনি আর্সেন ভেঙ্গারের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 11:08 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

পুরনো খবর:

ঘরের মাঠে লেস্টারের হোঁচট
ফিরমিনো-স্টারিজের গোলে লিভারপুলের জয়

রোববার এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। গত সপ্তাহে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল মেসুত ওজিল-অলিভিয়ে জিরুদরা। 

নিজেদের মাঠে প্রথম ২৫ মিনিটে ৮৫ ভাগ সময় বল দখলে রাখলেও এ সময় নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি আর্সেনাল। ৪৩তম মিনিটে পাওয়া প্রথম ভালো সুযোগটা কাজে লাগাতে পারেননি আলেক্সিস সানচেস। গোলরক্ষককে একা পেয়েও তার দিকেই শটটি নেন চিলির এই ফরোয়ার্ড।

বিরতিতে যাওয়ার খানিক আগে আর ভুল করেননি সানচেস। ড্যানি ওয়েলবেকের উঁচিয়ে মারা ক্রসে সামনে লাফিয়ে হেডে বল জালে জড়ান তিনি।

৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো; কিন্তু মেসুত ওজিলের দারুণ ফ্রি-কিক রক্ষণ দেয়াল এড়ালেও পোস্ট ঘেষে বাইরে চলে যায়। ১০ মিনিট পর এই জার্মান মিডফিল্ডারের ফ্রি-কিক থেকে সানচেসের নেওয়া হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়্।

৭৭তম মিনিটে ফরাসি মিডফিল্ডার বাকারি সাকোর হেড গোলরক্ষক পেতর চেক কর্নারের বিনিময়ে ফেরালে সে যাত্রা বেঁচে যায় আর্সেনাল। তবে চার মিনিট পর দারুণ নৈপুণ্যে সমতা ফেরান ইয়ানিক বোলাসি। বাঁ-দিক দিয়ে বল পায়ে আড়াআড়ি দৌড়ে সামনে থাকা এক জন ডিফেন্ডারের বাধা এড়িয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে ক্রিস্টালকে ১ পয়েন্ট এন দেন কঙ্গোর এই মিডফিল্ডার।

পয়েন্ট হারানোয় তৃতীয় স্থানে ফেরার সুযোগ হারালো আর্সেনাল; ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ৬০। গত শনিবার চেলসিকে ৩-০ গোলে হারিয়ে তৃতীয় স্থানে ওঠে ম্যানচেস্টার সিটি। সিটির পয়েন্টও ৬০, তবে গোল ব্যবধানে এগিয়ে তারা।

দিনের অন্য ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে শীর্ষে থাকা লেস্টার সিটি। ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৭৩।

প্রথম ম্যাচে পয়েন্ট তালিকার নিচের দিকের দল বোর্নমাউথকে ২-১ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। ৩২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ইয়ুর্গেন ক্লপের দল।