ফিরমিনো-স্টারিজের গোলে লিভারপুলের জয়
ব্রাজিলের মিডফিল্ডার ফিরমিনো আর ইংল্যান্ডের ফরোয়ার্ড স্টারিজের গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার নিচের দিকের দল বোর্নমাউথকে ২-১ ব্যবধানে হারিয়েছে লিভারপুল।
রোববার বোর্নমাউথের মাঠে ৪১তম মিনিটে লিভারপুলকে এগিয়ে দেওয়া গোলটি করেন ফিরমিনো। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ের ফাঁক দিয়ে সেই ওহোকে দেওয়া পাসে নিজের গোলের শুরুটা নিজেই করেন ব্রাজিলের এই মিডফিল্ডার। ওহো থেকে জর্ডন ইবে হয়ে বল পান ড্যানিয়েল স্টারিজ। বক্সের মধ্য থেকে অসাধারণ এক ব্যাক-হিলে ইংলিশ এই ফরোয়ার্ড পাস দেন ফিরমিনোকে। চার গজ দূর থেকে বল জালে পাঠাতে কোনো কষ্টই হয়নি ফিরমিনোর।
প্রথমটির মতো দ্বিতীয় গোলটির সঙ্গেও জড়িয়ে ছিলেন ইবে। মাঝমাঠের কাছাকাছি জায়গা থেকে নেওয়া ইংল্যান্ডের এই উইঙ্গারের ফ্রি-কিক বক্সের মধ্যে স্টারিজকে খুঁজে পায়। দারুণ এক হেডে বল জালে জড়ান তিনি।
ইউরোপা লিগে গত বৃহস্পতিবার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জেতা দলের শুরুর একাদশের ১০ জন খেলোয়াড়কে বাইরে রেখে বোর্নমাউথ ম্যাচ শুরু করেন ইয়ুর্গেন ক্লপ। তবে তার পরীক্ষামূলক এই দল ভালো ফুটবলই উপহার দেয়।
দ্বিতীয়ার্ধে গোলের বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও কখনও ফরোয়ার্ডদের ব্যর্থতায়, কখনও আবার দুর্ভাগ্যের কারণে গোল পায়নি লিভারপুল।
