২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবার আগে সেমিতে শেখ রাসেল

সবার আগে স্বাধীনতা কাপের সেমি-ফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ‘বি’ গ্রুপে ফেনী সকারের সঙ্গে গোলশূন্য ড্র করে মারুফুল হকের দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 09:30 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে সেরা চারে ওঠার পথে এক পা বাড়িয়ে রেখেছিল শেখ রাসেল। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেনী সকারের সঙ্গে ড্রয়ের পর ১০ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালে ওঠে প্রতিযোগিতাটির ২০১৩ সালের চ্যাম্পিয়নরা। চার ম্যাচে এটি ফেনী সকারের তৃতীয় ড্র।

প্রথমার্ধে দুই দলের খেলায় গতি ছিল না। বলার মতো কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো পক্ষই। বিজেএমসির জালে হ্যাটট্রিক করা শেখ রাসেলের নির্ভরযোগ্য ফরোয়ার্ড ফিকরু জেইদা এদিন ছিলেন নিজের ছায়া হয়ে।

দ্বিতীয়ার্ধের শুরুতেও খেলা চলে ধীরলয়ে। ৭৭তম মিনিটে গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় ফেনী সকার। ডান দিক থেকে ফরোয়ার্ড শাখাওয়াত রনির জোরালো শট ফেরান সুজন চৌধুরী। পুরো ম্যাচে মারুফুল হকের দলের উল্লেখ করার মতো আক্রমণ এটিই।

দিনের প্রথম খেলায় ‘এ’ গ্রুপের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৩-১ ব্যবধানে হারায় চট্টগ্রাম আবাহনী। এই হারে স্বাধীনতা কাপের চলতি আসরে সেরা চারে ওঠার আশা শেষ হয়ে যায় ব্রাদার্সের।