২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার কাছে এসে উপভোগের মন্ত্র লেস্টারে

উপভোগের মন্ত্র নিয়ে মৌসুম শুরু করা লেস্টার সিটির খেলোয়াড়রা শিরোপা জয়ের কাছে এসে প্রত্যাশার চাপে ভেঙে পড়ছে না। সতীর্থদের শুরুর হাসিটা এখনও মুখে লেগে আছে বলে জানিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির স্ট্রাইকার জেমি ভার্ডি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 07:48 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

গত রোববার ভার্ডির জোড়া গোলে সান্ডারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারানো লেস্টার দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পার্সের চেযে ৭ পয়েন্ট এগিয়ে আছে। দুই দলেরই ম্যাচ বাকি পাঁচটি করে।

গত মৌসুমে কোনোভাবে অবনমন এড়ানো লেস্টারের খেলোয়াড়রা অসাধারণ এই অবস্থানে থাকার অভিজ্ঞতার স্বাদ নিচ্ছে বলে জানান লিগে এখন পর্যন্ত ২১ গোল করা ভার্ডি।

“আমরা সব সময় হাসছি।…মৌসুমের শুরুতে থাকা সেই একই দল আছি আমরা। আপনার সঙ্গে সত্যি বলছি, এটাই আমাদের ভালো দিক। এটা একটা দল আর আমাদের বন্ধন দৃঢ়।  প্রথম দিন থেকে এভাবেই আছি আমরা।”

“আমরা শুধু পরের ম্যাচ নিয়েই ভাবছি। পরের সপ্তাহ। পুরো মৌসুমে আমরা এটাই করেছি; একবার একটা ম্যাচ নিয়েই ভেবেছি।”

অনুশীলন মাঠে দৌড়ের প্রতিযোগিতা থেকে শুরু করে কখনোই লেস্টার খেলোয়াড়দের মজা করা থামে না বলে জানান ভার্ডি। মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়েও দলটির সবাই স্বচ্ছন্দ আছে বলে জানান তিনি।