২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের দুঃস্বপ্ন বাড়াল মুক্তিযোদ্ধা

স্বাধীনতা কাপের মুকুট ধরে রাখা দূর অস্ত, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সেমি-ফাইনালে ওঠার পথই কঠিন হয়ে পড়েছে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ঘরোয়া ফুটবলের অন্যতম সফল ক্লাবটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 07:35 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

তিন ম্যাচে দুই হার ও এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে চতুর্থ স্থানে আছে মোহামেডান। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম আবাহনী। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

‍বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের শুরু থেকে ইউসুফ সিফাত ও মাশুক মিয়া জনির হাত ধরে দুই দিক দিয়ে আক্রমণে যায় স্বাধীনতা কাপের শিরোপাধারীরা। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি জসিমউদ্দিন জোসির দল।

একাদশ মিনিটে মোহামেডানের সেনেগালের ডিফেন্ডার ইয়াইয়াসির ফ্রি-কিক পোস্টের ওপর দিয়ে উড়ে যায়। ৩৭তম মিনিটে ইউসুফের বক্সের বাইরে থেকে নেওয়া শটও লক্ষ্যে থাকেনি। ফলে ঢিলেঢালা রক্ষণ নিয়েও গোল না হজম করে বিরতিতে যায় ‍মুক্তিযোদ্ধা।

দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে মোহামেডান। কিন্তু ব্যর্থতা পিছু ছাড়েনি দলটির। ৬১তম মিনিটে বল নিয়ে দ্রুত বক্সে ঢুকে গেলেও তালগোল পাকিয়ে শটই নিতে পারেননি সিফাত। আক্রমণভাগের ধার বাড়াতে একটু পর মিডফিল্ডার সিফাতকে তুলে নিয়ে ফরোয়ার্ড শাহদাত হোসেন শাহেদকে নামান মোহামেডান কোচ।

৬৬তম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ নষ্ট হয় মোহামেডানের। আমিনুর রহমান সজীবের রক্ষণ চেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক মোহাম্মদ নাইমকে একা পেয়েও ব্যর্থ হন দলটির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা।

একটু পর মুক্তিযোদ্ধাকে হতাশ করেন হাসানুজ্জামান কায়েস। বাঁ দিক থেকে মোহামেডানের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মধ্যে গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন এই মিডফিল্ডার।

৭৩তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ডান দিক থেকে কোলো মুসার শট প্রতিপক্ষের পাওমি ল্যান্ড্রির গায়ে লেগে ঠিকানা খুঁজে পায়।

কোলোর হাত ধরে ব্যবধান দ্বিগুণ করে নেয় শেষ দিকে গুছিয়ে ওঠা মুক্তিযোদ্ধা। ৮২তম মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে নাইমকে পরাস্ত করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

যোগ করা সময়ে বিশ্বনাথ ঘোষের কর্নার থেকে ইসমাইল বাঙ্গুরা ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি মোহামেডান।