২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভার্ডির নৈপুণ্যে শিরোপার পথে লেস্টারের আরেক ধাপ

ইতিহাস গড়ার পথে আরেক ধাপ এগিয়ে গেল লেস্টার সিটি। অবনমন অঞ্চলে থাকা সান্ডারল্যান্ডের বিপক্ষে অনেকটা সময় লড়াই করতে হলেও জেমি ভার্ডির নৈপুণ্যে ঠিকই প্রত্যাশিত জয় তুলে নিয়েছে ক্লাওদিও রানিয়েরির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 08:36 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

রোববার প্রিমিয়ার লিগের ৩৩তম রাউন্ডের ম্যাচটি ২-০ গোলে জেতে লেস্টার। দুটি গোলই করেন ইংলিশ স্ট্রাইকার ভার্ডি। শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতলেই অন্য কোনো হিসাব ছাড়াই প্রথমবারের মতো ইংলিশ ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার শিরোপা জিতবে তারা।

টানা চার ম্যাচ একমাত্র গোলে জেতার পর এবার দ্বিগুণ ব্যবধানে জিতল দলটি। এরই সঙ্গে আট ঘণ্টা ১০ মিনিট নিজেদের জাল অক্ষত রাখল তারা।

একের পর এক বিস্ময় জাগানো লেস্টার সিটি লিগে নিজেদের প্রথম ম্যাচে এই সান্ডারল্যান্ডকে ৪-২ গোলে হারিয়েই স্বপ্নের পথে পা বাড়িয়েছিল। তবে ফিরতি পর্বে এই প্রতিপক্ষের মাঠে রোববার শুরুটা ভালো হয়নি শীর্ষস্থানধারীদের।

প্রথমার্ধের পুরোটা সময়ে রিয়াদ মাহরেজ-জেমি ভার্ডিরা নিজেদের চেনা রূপে মেলে ধরতে পারেনি। উল্টো বিরতির আগে গোল খেতে বসেছিল তারা। তবে ইতালির স্ট্রাইকার ফাবিও বোরিনির কোনাকুনি শট গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিলে বেঁচে যায় লেস্টার।

দ্বিতীয়ার্ধের শুরুতে লেস্টার সীমানায় আবারও বোরিনির হামলা, ১৮ গজ দূর থেকে তার নেওয়া জোরালো শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হলে হাফ ছেড়ে বাঁচে দলটি।

৬৬তম মিনিটে ফের আক্রমণে ওঠে সান্ডারল্যান্ড। তবে এবার নিজেদের বক্সে ঢোকার আগেই দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণে নিয়ে সতীর্থ স্ট্রাইকার ভার্ডিকে লক্ষ্য করে উঁচু করে বল বাড়ান ড্যানিয়েল ড্রিঙ্কওয়াটার। আর সঙ্গে লেগে থাকা এক ডিফেন্ডারকে গতিতে হারিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন ইংল্যান্ড জাতীয় দলের এই ফরোয়ার্ড।

শেষ দিকে সমতায় ফেরার সহজ সুযোগ পেয়েছিল স্বাগতিকরা, কিন্তু বদলি নামা জ্যাক রডওয়েলের আট গজ দূর থেকে নেওয়া শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান ভার্ডি। প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে বক্সের বাইরে বেরিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে ভিতরে ঢুকে ফাঁকা জালে লক্ষ্যভেদ করেন তিনি।

ইপিএলের এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ভার্ডির এটা ২১তম গোল। ২২ গোল করে শীর্ষে আছেন টটেনহ্যাম হটস্পার্সের হ্যারি কেইন।

এই জয়ে লেস্টারের পয়েন্ট হলো ৩৩ ম্যাচে ৭২। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পার্স এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট পিছিয়ে আছে।

বাকি পাঁচ রাউন্ডের তিনটি লেস্টার খেলবে ঘরের মাঠে; ষষ্ঠ স্থানে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, দ্বাদশ স্থানে থাকে সোয়ানসি সিটি ও চতুর্দশ স্থানের দল এভারটনের বিপক্ষে। বাকি দুটি ম্যাচ ভার্ডিরা খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মাঠে।     

এ মৌসুমে এ পর্যন্ত ঘরের মাঠে রানিয়েরির দল একবারই মাত্র নিজেদের মাঠে হেরেছে।