বার্সা ম্যাচে লুইসের গুরুতর অভিযোগ
বার্সেলোনার বিপক্ষে লড়াই করে হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার ফিলিপে লুইস। আর এর পিছনে ‘প্রতিযোগিতা থেকে বার্সেলোনার ছিটকে পড়ার ভয়’ ছিল বলেই বিশ্বাস তার।
মঙ্গলবার রাতে কাম্প নউয়ে ফের্নান্দো তরেসের গোলে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেসের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে যায় আতলেতিকো।
অনেকটা সময় এক জন কম নিয়ে খেলাই অতিথিদের এই হারের বড় কারণ। ২৫তম মিনিটে দলকে এগিয়ে দেওয়ার পর সাত মিনিটের মধ্যে অহেতুক দুটি ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তরেস।
তরেসের লাল কার্ডের বিষয়ে ব্রাজিলের ডিফেন্ডার লুইস বলেন, “আমাদের লাল কার্ড পাওয়াটা উচিত ছিল না, এটা পুরোপুরি অন্যায্য ছিল।"
১০ জনের দল নিয়ে বিরতির আগ পর্যন্ত এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে আর পারেনি আতলেতিকো। জোড়া গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন সুয়ারেস।
গোল দুটি করার আগে আতলেতিকোর ডিফেন্ডার হুয়ানফ্রানকে লাথি মেরেছিলেন উরুগুয়ের এই স্ট্রাইকার। তরে তা রেফারির চোখ এড়িয়ে যায়। তাতেই বেশি ক্ষুব্ধ লুইস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে তার দলের বিরুদ্ধে অন্যায্য আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন ব্রাজিলের এই ডিফেন্ডার।
“আমাদের মতো বহিষ্কৃত হতে বার্সার খেলোয়াড়দের কি করা লাগবে, আমি জানি না।”
রেফারির এমন আচরণের সমালোচনা করতে গিয়ে গুরুতর এক অভিযোগ করে বসেন ব্রাজিলের ডিফেন্ডার লুইস।
“চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে খেলা সহজ নয়। আমরা জানি, তারা যদি কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ে, তাহলে এটা সত্যিই ভয়ঙ্কর ব্যাপার। আমাদেরকে সবার এবং সবকিছুর বিপক্ষেই খেলতে হয়।”
“আপনি বলতে পারেন, বার্সার ছিটকে পড়া নিয়ে একটা ভীতি আছে।”
এত বাধার পরেও অবশ্য সেমি-ফাইনালের আশা ছাড়ছেন না লুইস, “আমরা এখনও আছি। এটা সম্ভব।”
জয়ের ব্যবধান বড় না হলেও এগিয়ে থাকার আত্মবিশ্বাস নিয়েই আগামী বুধবারের ফিরতি লেগে খেলতে নামবে বার্সেলোনা। অন্যদিকে, হারলেও আতলেতিকো শিবিরে থাকছে মূল্যবান অ্যাওয়ের গোলের স্বস্তি।
