মেসিদের মধ্যে মরিয়া ভাব দেখেছিলেন এনরিকে
পিছিয়ে পড়েও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারায় শিষ্যদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন লুইস এনরিকে। লিওনেল মেসি, লুইস সুয়ারেস, নেইমারদের মধ্যে মরিয়া ভাব দেখতে পেয়েছিলেন বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ।
নিজেদের মাঠ কাম্প নউতে গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বের ম্যাচটি ২-১ গোলে জেতে বার্সেলোনা।
ফের্নান্দো তরেসের প্রথমার্ধের গোলে এগিয়ে যায় আতলেতিকো। বার্সেলোনাকে জয় এনে দিতে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন লুইস সুয়ারেস।
ম্যাচ শেষে এনরিকে বলেন, “খেলোয়াড়দের মধ্যে আমি মরিয়া ভাব দেখতে পেয়েছি। কিন্তু তারা তাদের মাথাও খাটিয়েছে এবং নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।”
আতলেতিকো বার্সেলোনাকে কঠিন একটি ম্যাচ উপহার দিয়েছে বলে জানান এনরিকে। আগামী বুধবার দ্বিতীয় পর্বের ম্যাচটিও কঠিন হবে বলেই মনে করেন তিনি।
“আমরা চ্যালেঞ্জ উপভোগ করি। দারুণ একটি ম্যাচ হবে। কালদেরনে (আতলেতিকোর মাঠ) আমাদের জিততে হবে। সেখানে জেতার মতো কোনো দল যদি থাকে, তাহলে সেটা আমরাই।”
