২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরেসের ক্যারিয়ারের অন্যতম বাজে দিন

বার্সেলোনার বিপক্ষে লাল কার্ড দেখার দিনটিকে ক্যারিয়ারের অন্যতম বাজে বলে উল্লেখ করেছেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড ফের্নান্দো তরেস। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 07:22 PM

Updated : 12 Apr 2022, 01:47 AM

বার্সেলোনার মাঠ কাম্প নউতে গত মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বের ম্যাচে তরেসের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় আতলেতিকো। 
 
৩৫তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তরেসকে। ১০ জনের আতলেতিকোর বিপক্ষে বার্সেলোনাকে জেতাতে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন লুইস সুয়ারেস। 
 
ম্যাচ শেষে তরেস বলেন, “একজন ফুটবলার হিসেবে এটা আমার জীবনের অন্যতম বাজে দিন। আমি দলকে ১০ জনের করে দেওয়ার জন্য দু:খিত।”
 
“এক দিক থেকে দলের না জেতায় আমি নিজেকে দায়ী মনে করছি। আমি নিশ্চিত যে, ১১ জন নিয়ে বিষয়টি সম্পূর্ণ ভিন্নরকম হতে পারত।”
 
আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে অবশ্য তরেসকে হারের দায় দিতে নারাজ। 
 
“তরেসের উপর আমার রাগ নেই। এটা ন্যায্য ছিল কিনা তা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের (সংবাদমাধ্যম)।”
 
“এটা নিশ্চিত যে, আমি যা কিছু বলতে চাই তা বলব না। ম্যাচ আর রেফারিং নিয়ে কী বলা যায় তা ভাবার চেষ্টা করছি আমি।”