২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন চেজারে মালদিনি

এসি মিলান ও ইতালির সাবেক কোচ চেজারে মালদিনি রোববার মারা গেছেন। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 08:04 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

৮৪ বছর বয়সী এই কোচের মৃত্যৃর খবরটি জানায় তার সাবেক ক্লাব মিলান।
 
খেলোয়াড়ি জীবনে মিলানের হয়ে চারটি সেরি আ শিরোপা জেতেন ডিফেন্ডার হিসেবে খেলা মালদিনি। ইতালির প্রথম ক্লাব হিসেবে ১৯৬৩ সালে ইউরোপিয়ান কাপ জয়ী মিলান দলের অধিনায়ক ছিলেন তিনি। 
 

মিলানের হয়ে ৪১২টি ম্যাচ খেলা মালদিনি খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে ঢোকেন। ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত মিলানের কোচ ছিলেন তিনি।  ১৯৮২ সালের বিশ্বকাপ জেতা ইতালি দলের সহকারী কোচ ছিলেন মালদিনি। ১৬ বছর পর ফ্রান্সে হওয়া ১৯৯৮ বিশ্বকাপে দেশটির প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। তার ছেলে পাওলো মালদিনি ছিলেন অধিনায়ক। স্বাগতিক দলের কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল বাবা-ছেলের দল। ২০০২ সালের বিশ্বকাপে প্যারাগুয়ের কোচ ছিলেন মালদিনি। তবে দক্ষিণ আমেরিকার দেশটি শেষ ষোলোর গণ্ডি পেরোতে পারেনি।