হারের যন্ত্রণায় পুড়ছেন ইনিয়েস্তারা
রিয়াল মাদ্রিদের কাছে হারের যন্ত্রণায় পুড়ছে বার্সেলোনার খেলোয়াড়রা। এর মধ্যেই আবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবতে হচ্ছে তাদের।
কাম্প নউতে গত শনিবার রাতে নিজেদের মাঠে রিয়ালের কাছে ২-১ গোলে হেরে ৩৯ ম্যাচ পর বার্সেলোনার অপরাজেয় যাত্রা থামে।
ম্যাচ শেষে বার্সেলোনা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা বলেন, “আমরা কষ্ট পাচ্ছি। তবে এরই মধ্যে আমরা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ নিয়ে ভাবতে শুরু করেছি।”
“যে বিষয়গুলোতে ভালো করিনি, সেগুলো বিশ্লেষণ করতে হবে আমাদের। কিন্তু আমাদের নতুন অনুপ্রেরণা আছে, আরেকটা প্রতিযোগিতায় খেলে যেতে হবে।”
এই হারের পর দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে ৬ হয়েছে ৩১ রাউন্ড শেষে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার। ৬৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল।
এই দুই দলের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়াতে না পারার হতাশার কথা জানান ইনিয়েস্তা।
“হারাটা সবাইকেই কষ্ট দেয়। কষ্টটা তিন পয়েন্ট না পাওয়ার, যেটা ব্যবধানটা ধরে রাখত।”
আতলেতিকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম পর্বের ম্যাচটি আগামী মঙ্গলবার কাম্প নউতে খেলবে বার্সেলোনা।
