বার্সেলোনাকে হারিয়ে নিন্দুকদের সমালোচনায় পেপে
রিয়াল মাদ্রিদের সামর্থ্য নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন, ক্লাসিকো জয়ের পর তাদের সমালোচনায় মুখর হয়েছেন পেপে। বার্সেলোনার বিপক্ষে পাওয়া ২-১ গোলের জয়টি ‘সমর্থকদের জন্য’ বলে জানিয়েছেন রিয়ালের এই ডিফেন্ডার।
কাম্প নউতে গত শনিবার ক্লাসিকোয় জেরার্দ পিকের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। করিম বেনজেমার দৃষ্টিনন্দন লক্ষ্যভেদে সমতায় ফেরা রিয়াল জয়ের বন্দরে পৌঁছে ৮৫তম মিনিটে করা ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে।
ম্যাচ শেষে নিন্দুকদের এক হাত নিয়ে পেপে বলেন, “তারা বলেছিল, আমরা চার বা পাঁচ গোল ব্যবধানে হারতে যাচ্ছি।”
“এই জয় সমর্থকদের জন্য। অনেক কথা বলা হয়েছিল-আমাদের কোনো মান নেই এবং ক্রিস্তিয়ানো (রোনালদো) নিজের মান অনুযায়ী খেলতে পারছে না। এসব ছিল অন্যায্য”, যোগ করেন রিয়ালের এই পর্তুগিজ ডিফেন্ডার।
৩৯ ম্যাচ অপরাজিত থাকার পর ক্লাসিকোয় হারলেও শিরোপা জয়ের লড়াইয়ে অনেক এগিয়ে আছে বার্সেলোনা (৭৬ পয়েন্ট)। বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট পেছনে থেকে তৃতীয় স্থানে আছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৭০।
তবে পেপের বিশ্বাস ক্লাসিকো জয় তাদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার আত্মবিশ্বাসে জ্বালানি যোগাবে। এমনকি টিকিয়ে রাখবে লা লিগার শিরোপা জয়ের সম্ভাবনাও।
