২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাসিকো জয়ে লড়াইয়ের মনোবল রিয়ালের

বার্সেলোনার ৩৯ ম্যাচের অপরাজেয় যাত্রা থামানো, প্রতিপক্ষের মাঠে মর্যাদার ক্লাসিকোতে জয়, সব মিলিয়ে মার্সেলো আনন্দে ভাসছেন। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডারের বিশ্বাস জয়টি তাদের সামনের দিনগুলোয় লড়াই চালিয়ে যাওয়ার মনোবল যোগাবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 12:15 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

পুরনো খবর:

কোনো অজুহাত নেই বার্সা কোচের
বার্সেলোনাকে হারিয়ে গর্বিত জিদান
লাল কার্ড নিয়ে রিয়ালের রামোসের রসিকতা
রোনালদোর গোলে প্রতিশোধ রিয়ালের

গত শনিবার রাতে বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে জেরার্দ পিকের গোলে পিছিয়ে পড়ে রিয়াল। করিম বেনজেমার দৃষ্টিনন্দন লক্ষ্যভেদে সমতায় ফেরার পর ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে ফেরে জিনেদিন জিদানের শিষ্যরা।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় যোগ্য দল হিসেবে জয় পাওয়ার দাবি করেন রিয়ালের মার্সেলো, “বার্সেলোনা আগের ৩৯ ম্যাচে হারেনি কিন্তু এই জয়টার যোগ্য আমরা। তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছি, যেটা আমাদের লড়াই চালিয়ে যাওয়ার মনোবল যোগাবে।”

“বার্সেলোনা বিশ্বের অন্যতম সেরা দল কিন্তু আমি এ জয়ের যোগ্য। গোলরক্ষক থেকে আক্রমণভাগের খেলোয়াড়, সবাই ভালো করেছিল”, যোগ করেন ব্রাজিলের এই ডিফেন্ডার।

চলতি লিগে প্রথম ক্লাসিকোয় নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে বার্সেলোনার কাছে ৪-০ গোলে উড়ে গিয়েছিল রিয়াল। সে হারের প্রতিশোধ নেওয়ার সঙ্গে রিয়াল সমর্থকদের নিজেদের সামর্থ্য দেখানোর আনন্দও আছে মার্সেলোর।

৮৩তম মিনিটে লুইস সুয়ারেসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সের্হিও রামোসকে। রক্ষণভাগের সতীর্থের জন্য সমব্যথী মার্সেলো, “সে সবসময় দলের জন্য সবকিছু নিংড়ে দেয়।”