২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো অজুহাত নেই বার্সা কোচের

সান্তিয়াগো বের্নাবেউর পুনরাবৃত্তি কাম্প নউয়ে হয়নি। রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে দেওয়ার বদলে নিজেদের মাঠে এবারের ক্লাসিকোয় এগিয়ে গিয়েও হেরেছে বার্সেলোনা। তবে হারের পেছনে কোনো অজুহাত দেখাতে রাজি নন লুইস এনরিকে। এমনকি জ্বলে উঠতে ব্যর্থ হওয়া ‘এমএসএন’ ত্রয়ীর দিকেও অভিযোগের আঙুল তুলতে রাজি নন বার্সেলোনার এই কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 12:50 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

গত শনিবার রাতে নিজেদের মাঠে জেরার্দ পিকের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। করিম বেনজেমার দৃষ্টিনন্দন লক্ষ্যভেদে সমতায় ফেরার পর ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে ফেরে রিয়াল।

অন্যদিকে লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমারে গড়া ‘এমএসএন’ ত্রয়ী আলো ছড়াতে পারেনি। তবে আক্রমণভাগের এই তিন তারকাকে ক্লাসিকোর হারের জন্য সমালোচনা করতে রাজি নন এনরিকে, “ফল ভালো না হলে আমি কোনো অজুহাত খুঁজব না।”

ক’দিন আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়েছিল মেসি, নেইমার, সুয়ারেস। জাতীয় দলে হয়ে খেলে আসার কারণে তিন তারকা ক্লাসিকোয় সেরাটা দিতে পারেনি বলেও মনে করেন না এনরিকে।

“বিশ্বসেরা খেলোয়াড়রা আমাদের দলে আছে এবং তাদের আন্তর্জাতিক ম্যাচ খেলতে ভ্রমণ করতে হবে এবং এটা আমাদেরকেও মেনে নিতে হবে।”

নিজেদের মাঠ কাম্প নউতে হারাটা ‘পীড়াদায়ক’ জানিয়ে এনরিকে রিয়ালকে প্রাপ্য প্রশংসা করেন।

“যে মনোভাব নিয়ে আমার খেলোয়াড়রা খেলেছে, তাতে আমি খুশি। আমরা ম্যাচটা জিততে পারতাম, কিংবা ড্র করতে পারতাম। কিন্তু শেষ পর্যন্ত মাদ্রিদ ছিল আমাদের চেয়ে কার্যকর দল। অবশ্যই আমি ম্যাচের ফলে খুশি না কিন্তু যেটা হয়েছে, সেটা যে কোনো ম্যাচেই হতে পারে।”

“আমরা আধিপত্য করেছি কিন্তু শেষ ১৫ মিনিট আমরা ভুগেছি। কাম্প নউতে হারা পীড়াদায়ক কিন্তু কোনো না কোনো দিন হারতে হতো। শেষ ১৫ মিনিটে তারা আমাদেরকে বিস্মিত করেছে কিন্তু এটাই ফুটবল”, যোগ করেন তিনি।

টানা ৩৯ ম্যাচ অপরাজেয় থাকার গর্ব টুটলেও ভেঙে পড়তে চান না এনরিকে। আগামী মঙ্গলবার কাম্প নউতেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ক্লাসিকোর হার পেছনে রেখে ওই ম্যাচ নিয়ে ভাবতে চান দলটির কোচ।

“এখন গুরুত্বপূর্ণ হলো সামনের দিকে তাকানো এবং আতলেদিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের জন্য প্রস্তুত হওয়া।”