২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনাকে হারিয়ে গর্বিত জিদান

কোচ হিসেবে প্রথম ক্লাসিকো, শুরুটাও ছিল পিছিয়ে পড়ে; কিন্তু দারুণভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। স্বাভাবিকভাবে উচ্ছ্বাসে ভাসছেন কোচ জিনেদিন জিদান; দল নিয়ে দারুণ গর্বও হচ্ছে তার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 11:56 AM

Updated : 12 Apr 2022, 01:46 AM

গত শনিবার রাতে বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে জেরার্দ পিকের গোলে পিছিয়ে পড়ে রিয়াল। করিম বেনজেমার দৃষ্টিনন্দন লক্ষ্যভেদে সমতায় ফেরার পর ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে ফেরে জিদানের শিষ্যরা।

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে তাদের মাঠেই হারানোর তৃপ্তি নিয়ে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় জিদান বলেন, “খেলোয়াড়রা যা করেছে, তাতে আমি খুবই খুশি; এটা কোনো সহজ মাঠ ছিল না; কেবল ফল নয়, সব কিছু নিয়েই আমি ভীষণ খুশি।”

“এটা স্রেফ তিন পয়েন্ট। এখন আমরা অবশ্যই ভালো ফল এবং চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচ নিয়ে ভাবব”, আগামী বুধবার ভল্ফসবুর্গের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল সামনে রেখে বলেন রিয়াল কোচ।

রোনালদো-গ্যারেথ বেল-বেনজেমাকে নিয়ে গড়া ‘বিবিসি’ ত্রয়ীর খেলা আগের তিন ক্লাসিকোয় জিততে পারেনি রিয়াল। হতাশার সে বৃত্ত ভেঙে এবার তেড়েফুড়ে বেরিয়ে এসেছেন তিন জন। রোনালদো-বেনজেমাদের কাঁধে কাঁধ মিলিয়ে সেরাটা উজাড় করে দেওয়া দেখে আরও ভালো লাগছে জিদানের।

“যখন আমি দলকে এভাবে ঐক্যবদ্ধ, সতীর্থদের জন্য নিজেদের সবকিছু উজাড় করে দিতে দেখি, একজন কোচের কাছে এটাই (দেখাটা) সবচেয়ে ভালো কিছু। আক্রমণ এবং রক্ষণ-দলের সবকিছু আমি পছন্দ করি। খুবই ভালো খেলোয়াড়ের বিপক্ষে আমরা অনেক উদ্যম নিয়ে খেলেছি।”

কাম্প নউতে শুরুটা যে ভালো ছিল না, তা অবশ্য স্বীকার করেছেন জিদানও। তবে মেসি-নেইমার-লুইস সুয়ারেসকে ডানা মেলতে না দেওয়ার তৃপ্তিও আছে ফরাসি এই কোচের।

“আমাদের শুরুটা ভালো ছিল না কিন্তু কঠিন শুরুর চেয়ে ভালো ছিল এবং শেষটাও আমরা ভালো করেছি। রক্ষণের দিক থেকে খুবই ভালো খেলোয়াড়দের বিপক্ষে আমরা অসাধারণ খেলেছি। অল্প জায়গা পেলেও তারা আমাদের ক্ষতি করে দিত। কিন্তু আমরা সেটা ভালোভাবে নিয়ন্ত্রণ করেছি।”