২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাল কার্ড নিয়ে রিয়ালের রামোসের রসিকতা

ক্লাসিকোয় ৮৩তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডটি দেখে মাঠ ছাড়লেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার সের্হিও রামোস। দুই মিনিট পর দলকে ২-১ গোলে এগিয়ে নিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ম্যাচ শেষে রামোস রসিকতার সুরে বললেন, ১০ জন নিয়ে রিয়াল জিতবে জানলে আরও আগেই মাঠ ছাড়তেন তিনি!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 01:06 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

কাম্প নউতে গত শনিবার ক্লাসিকোয় জেরার্দ পিকে এগিয়ে নেন স্বাগতিক বার্সেলোনাকে। করিম বেনজেমার দৃষ্টিনন্দন লক্ষ্যভেদে সমতায় ফেরে রিয়াল। এরপর ৮৩তম মিনিটে বার্সেলোনার লুইস সুয়ারেসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেখে রামোস মাঠ ছাড়ার দুই মিনিট পর গোল করেন রোনালদো। পর্তুগিজ এই ফরোয়ার্ডের গোলেই ক্লাসিকো জয় নিশ্চিত হয় রিয়ালের।

ম্যাচ শেষ নিজের লাল কার্ড নিয়ে রামোস রসিকতা করে বলেন, “যদি বুঝতে পারতাম এক খেলোয়াড়কে ছাড়া কি হতে পারে, একজন ছাড়াও আমরা জিততে পারি, তাহলে আমি পঞ্চম মিনিটেই লাল কার্ড দেখে ম্যাচ ছাড়ার ব্যবস্থা করতাম।”

চলতি লিগে আগের ক্লাসিকোয় সান্তিয়াগো বের্নাবেউয়ে বার্সেলোনার কাছে ৪-০ গোলে হারের লজ্জায় ডুবেছিল রিয়াল। কাম্প নউয়ে সে প্রতিশোধও নিতে পেরে খুশি রামোস, “ফুটবলে ভালো দিকটি হলো, এটা আপনাকে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেবে।”