২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা কাপ দিয়ে মাঠে গড়াচ্ছে ফুটবল মৌসুম

এক দফা পেছানোর পর বিজেএমসি-রহমতগঞ্জ ম্যাচ দিয়ে আগামী শুক্রবার মাঠে গড়াচ্ছে স্বাধীনতা কাপ। এ আসর দিয়ে সাত মাসেরও বেশি সময় পর শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের ২০১৫-'১৬ মৌসুমও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 07:15 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া আগের সূচিতে শিরোপাধারী মোহামেডানের সঙ্গে চট্টগ্রাম আবাহনীর ম্যাচ দিয়ে গত ৩০ মার্চ স্বাধীনতা কাপ শুরুর কথা ছিল।

গত বছরের ২২ অগাস্টে প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর ঘরোয়া ফুটবলের পেশাদার কোনো টুর্নামেন্ট হয়নি। লম্বা বিরতির পর তা শুরু হলেও তারকা ফুটবলার মামুনুলসহ আট জনকে নিয়ে চলা জটিলতা, লিগের শিরোপাধারী শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের স্বাধীনতা কাপে খেলতে না চাওয়া নতুন মৌসুমের শুরুটা বিবর্ণ করে তুলেছে।

মামনুলসহ আট ফুটবলারের নতুন ক্লাবে থাকা বা শেখ জামালে ফেরার নিষ্পত্তি এখনও হয়নি। গত সোমবার শেখ জামালের দাবি অনুযায়ী ক্লাব ছেড়ে চলে যাওয়া তাদের ৮ ফুটবলারের ফিরিয়ে না দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না এ নিয়ে রুল জরি করে খেলোয়াড়দের নতুন ক্লাবে খেলার অনুমতি না দিতে বাফুফেকে নির্দেশ দেয় হাইকোর্ট।

শেখ জামালের দাবি ‘চুক্তি ভেঙে’ সর্বশেষ দলবদলের সময় ক্লাব ছেড়েছেন আট ফুটবলার। এদের মধ্যে মামুনুল ইসলাম, নাসিরউদ্দিন চৌধূরী, ইয়ামিন মুন্না, সোহলে রানা ও রায়হান হাসান যোগ দিয়েছেন চট্টগ্রাম আবাহনীতে। শেখ রাসেল ক্রীড়া চক্রে চলে গেছেন জামাল ভুইয়া ও শেখ আলমগীর কবির রানা। নতুন ঠিকানা হিসেবে গোলরক্ষক শহিদুল আলম সোহেল বেছে নিয়েছেন ঢাকা আবাহনীকে।

আট ফুটবলার ইস্যুতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে স্বাধীনতা কাপে খেলার ইচ্ছা জানিয়েছেন শেখ জামাল ক্লাবের সভাপতি মনজুর কাদের। চলে যাওয়া ফুটবলারদের ফিরে পাওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “স্বাধীনতা কাপসহ আমরা মৌসুমের সবকটি আয়োজনেই অংশ নিতে চাই। বাফুফের কি ইচ্ছা, তা আমরা জানি না। কিন্তু তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন আদালতের নির্দেশনা মেনে আট ফুটবলার দিয়ে আমাদের খেলার রাস্তা করে দেয়।”

শেখ জামালের জন্য স্বাধীনতা কাপের ‘দরজা খোলা’ রাখার কথা জানিয়ে বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী সাংবাদিকদের বলেন, “আমরা এখানে বসেছি-ই খেলা চালানোর জন্য। যত বেশি দল আসবে, যত বেশি দলের অংশগ্রহণ থাকবে, ফুটবলের জন্য ততই মঙ্গল। শেখ জামাল যদি খেলতে চায়, তাহলে আমরা ইতিবাচক এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই।”

তবে স্বাধীনতা কাপে শেখ জামালকে শর্তমুক্ত হয়ে আসার কথাও বলেন মুর্শেদী, “তারা যদি কোনো কন্ডিশন দিয়ে খেলতে চায়, তবে তা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। কারণ আট খেলোয়াড়ের বিষয়টা এখনও আদালতে চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় রয়েছে।”

স্বাধীনতা কাপের শিরোপাধারী মোহামেডানের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা ক্লাব।

‘বি’ গ্রুপে আবাহনীর প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্র, টিম বিজেএমসি, সকার ক্লাব, রহমতগঞ্জ এমএফএস ও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে অংশ নেওয়া আরামবাগ ক্রীড়া চক্র।