২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক না কোপায় নেইমার, মুখ খুললেন ব্রাজিলের রোনালদো

কোপা আমেরিকা নাকি অলিম্পিক- কোনটা টুর্নামেন্টে বেছে নেবেন বার্সেলোনা ফরোয়ার্ড নেইমার? এ প্রশ্নের উত্তর মেলেনি এখনও। তবে এই ইস্যুতে মুখ খুলেছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদো। বিশ্বকাপজয়ী এই তারকার মতে, কোনো ফুটবলারকে এ ধরনের পরিস্থিতিতে ফেলে দেওয়াটা কাপুরুষোচিত কাজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 05:16 PM

Updated : 11 Oct 2022, 07:59 PM

আগামী জুনে যুক্তরাষ্ট্রে হবে কোপা আমেরিকার শতবর্ষী আসর। এরপর অগাস্টে রিও দে জেনেইরোতে বসবে অলিম্পিক। ব্রাজিল কোচ দুঙ্গা দুটি আসরে নেইমারকে দলে পেতে চান। ব্রাজিল অধিনায়ক দুটি টুর্নামেন্টেই খেলার ইচ্ছা জানান একাধিকবার।

দুঙ্গা, নেইমার চাইলেও ধারণা করা হচ্ছে ব্যস্ত মৌসুমের পর কোপা আমেরিকা ও অলিম্পিকের যে কোনো একটি আসরে খেলার সুযোগ পাবেন ব্রাজিল ফরোয়ার্ড। রোনালদো এই বিষয়টিই মেনে নিতে আপত্তি।

“একজন খেলোয়াড়ের জন্য এই পরিস্থিতি খুবই কঠিন। আমি মনে করি, নেইমারকে কোনো একটি টুর্নামেন্ট বেছে নিতে বাধ্য করাটা কাপুরুষোচিত ব্যাপার।”

২০১৫-১৬ মৌসুম শেষ করে টানা দুটি টুর্নামেন্টে খেললে নেইমারের শরীরের ‘ক্ষতি’ হবে আশঙ্কা বার্সেলোনার। এ কারণেই কাতালুনিয়ার দলটি ব্রাজিল ফরোয়ার্ডকে যে কোনো একটি আসরে খেলার সুযোগ দেওয়ার পক্ষে।

এ নিয়ে প্রতিযোগিতায় ঠাসা সূচির কড়া সমালোচনাও করেন রোনালদো, “আমরা যেটা দেখি, তা হচ্ছে বর্ষপঞ্জির প্রতি গুরুত্বের কমতি। অনেক ম্যাচ, অনেক প্রতিযোগিতা এবং খেলোয়াড়রাও বিশ্রামের সময় কম পায়।”

নেইমারের অবস্থানে থাকলে অলিম্পিকে খেলা বেছে নিতেন বলেও জানান ব্রাজিলের হয়ে ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপ জেতা রোনালদো। এমন চাওয়ার পেছনে ব্রাজিলের অলিম্পিকের সোনা জিততে না পারার হতাশাও ঝরে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এই কিংবদন্তির কণ্ঠে।

“আমি হলে অলিম্পিক বেছে নিতাম। যদি তারা রিওর সোনা জেতে, তাহলে এটা এমন কিছু একটা হবে, যেটা আগে শোনা যায়নি।”

“আমি জানি না, পরিস্থিতি কেমন। কিন্তু নেইমারের জন্য এই গল্পটা (অলিম্পিকের সোনা জেতার) বলা কি আনন্দেরই না হবে”, যোগ করেন তিনি।