সাউথ্যাম্পটনের মাঠে লিভারপুলের হার
প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জয়ের পর পথ হারিয়েছে লিভারপুল। সাউথ্যাম্পটনের মাঠে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে গেছে ইয়ুর্গেন ক্লপের দল।
প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লিভারপুলের শুরুটা হয় দারুণ; ২২ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় তারা।
ফিলিপে কৌতিনিয়োর একক নৈপুণ্যে সপ্তদশ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। বাঁ-দিক থেকে বল পায়ে আড়াআড়ি দৌড়ে প্রায় ২১ গজ দূর থেকে ডান পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলের এই মিডফিল্ডার। পাঁচ মিনিট বাদে বক্সের মধ্যে দুই জনের মধ্যে দিয়ে নেওয়া শটে গোলরক্ষককে পরাস্ত করেন ড্যানিয়েল স্টারিজ।
৩৩তম মিনিটে লিভারপুলের মিডফিল্ডার জো অ্যালেন বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটা বাতিল হয়ে যায়।
পেনাল্টি থেকে গোল করতে না পারার হতাশা কাটিয়ে ৬৪তম মিনিটে দলকে এগিয়ে দেন মানে। এক সতীর্থের বাড়ানো বল ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের কোনাকুনি শটে ব্যবধান কমান সেনেগালের এই মিডফিল্ডার।
আর ৮৩তম মিনিটে দারুণ এক গোলে সাউথ্যাম্পটনকে সমতায় ফেরান পেল্লে। বক্সের বাইরে থেকে বাঁকানো উঁচু শটে বল জালে জড়ান ইতালির এই স্ট্রাইকার।
পরের মিনিটেই নিজের দ্বিতীয় গোলে লিভারপুলকে স্তব্ধ করে দেন মানে। বক্সে ঢোকার মুখে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরালো কোনাকুনি শটে জয়সূচক গোলটি করেন তিনি।
২৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে। ৩১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে সাউথ্যাম্পটন। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লেষ্টার সিটি।
