শেষ আটে বার্সার কঠিন প্রতিপক্ষ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ স্পেনেরই ক্লাব আতলেতিকো মাদ্রিদ। সে তুলনায় মোটামুটি সহজ দলের বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে রোনালদোরা খেলবে জার্মানির ক্লাব ভলফসবুর্গের বিপক্ষে।
সুইজারল্যান্ডের নিয়নে শুক্রবার এই ড্রয়ে কঠিন প্রতিপক্ষ পেয়েছে ম্যানচেস্টার সিটিও। প্রথমবারের মতো ইউরোপ সেরার মঞ্চে কোয়ার্টার-ফাইনালে ওঠা ইংল্যান্ডের ক্লাবটি খেলবে ফরাসি চ্যাম্পিয়ন্স পিএসজির সঙ্গে।
আর পাঁচবারের চ্যাম্পিয়ন জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ লড়বে পর্তুগালের দল বেনফিকার সঙ্গে।
এবারের লা লিগার শিরোপা লড়াইয়ে বার্সেলোনার পেছনেই আছে দিয়েগো সিমেওনের দল। স্পেনের শীর্ষ লিগে ২৯ রাউন্ড শেষে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মেসি-নেইমাররা। আট পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো।
দুদলের সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ের ফলেও একতরফা এগিয়ে বার্সেলোনা। এ মৌসুমে লিগের দুই পর্বেই জিতেছে গতবারের ট্রেবল জয়ীরা।
প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়ার পথে বার্সেলোনা একটা প্রতিশোধ নেওয়ার সুযোগও পাচ্ছে। ২০১৩-১৪ মৌসুমে তাদেরকে হারিয়েই সেমি-ফাইনালে উঠেছিল আতলেতিকো।
ইউরোপ সেরার ট্রফি রেকর্ড ১০ বার জেতা রিয়াল লা লিগার শিরোপা লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে, ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা। তাই মৌসুমটা সাফল্য দিয়ে শেষ করতে চ্যাম্পিয়ন্স লিগই তাদের একমাত্র সুযোগ।
সে পথে শেষ চারে ওঠার জন্যে ভলফসবুর্গ কাগজে কলমে খুব একটা বড় দল নয়। ঘরোয়া লিগের এ মৌসুমেও দলটির অবস্থান মোটেও ভালো নয়, বুন্দেসলিগায় অষ্টম স্থানে আছে তারা।
কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের ম্যাচগুলো হবে আগামী ৫ ও ৬ এপ্রিল। আর ফিরতি পর্বের ম্যাচগুলো হবে ১২ ও ১৩ এপ্রিল।
