‘বিশ্ব সেরা’ বার্সাকে পেয়ে রোমাঞ্চিত সিমেওনে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রতিপক্ষ বার্সেলোনাকে বিশ্ব সেরা দল বলে মানছেন দিয়েগো সিমেওনে। তবে কাতালুনিয়ার ক্লাবটির বিপক্ষে খেলাটা তার দলের জন্য প্রেরণাদায়ক বলেও উল্লেখ করেছেন আতলেতিকো মাদ্রিদের কোচ।
সুইজারল্যান্ডের নিয়নে শুক্রবারের ড্রয়ে ইউরোপ সেরার প্রতিযোগিতার শেষ আটে একে অপরের প্রতিপক্ষ হিসেবে ওঠে এই দুই দলের নাম।
দুই পর্বের এই লড়াইয়ের প্রথম ম্যাচটি হবে আগামী ৫ এপ্রিল, বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে। আর আতলেতিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে ফিরতি পর্ব হবে আগামী ১৩ এপ্রিল।
গতবারের ট্রেবল জয়ী বার্সেলোনাকে নিয়ে সিমেওনে বলেন, “তারা গুরুত্বপূর্ণ এক প্রতিপক্ষ; নিশ্চিতভাবে বিশ্বের সেরা দল।”
ফাইনালের দুই ধাপ আগে দুর্দান্ত ফর্মে থাকা গতবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে বলে স্বাভাবিকভাবেই আতলেতিকোর অগ্রযাত্রা কঠিন বাধার মুখে পড়তে যাচ্ছে। তবে পাশাপাশি এটাকে অনুপ্রেরণাদায়ক হিসেবেও দেখছেন সিমেওনে।
আগামী শনিবার লা লিগায় স্পোর্তিং গিহনের বিপক্ষে খেলবে আতলেতিকো। এর আগে শুক্রবারের সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গে সিমেওনে বলেন, “সত্যিই আমি রোমাঞ্চিত। বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলার চেয়ে বেশি প্রেরণাদায়ক আর কি হতে পারে?”
ইউরোপ সেরার মঞ্চে বার্সেলোনার সঙ্গে সবশেষ মুখোমুখি লড়াইয়ের ফল অবশ্য আতলেতিকোর জন্য আশাব্যঞ্জক। ২০১৩-১৪ মৌসুমে লিওনেল মেসিদের হারিয়েই সেমি-ফাইনালে উঠেছিল তারা।
তবে দুই মৌসুম আগের ওই লড়াইয়ের পর থেকে বার্সেলোনা দারুণ উন্নতি করেছে বলে সতীর্থদের সতর্ক করে দেন সিমেওনে।
