২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‌শিরোপা জয়ের দিনে ইব্রার পিএসজি ছাড়ার ঘোষণা

ফরাসি লিগ ওয়ানের শিরোপা জয়ের দিনে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 05:28 PM

Updated : 12 Apr 2022, 01:37 AM

সুইডেনের ফরোয়ার্ড ইব্রাহিমোভিচের চার গোলে পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা থোয়াঁর মাঠ থেকে রোববার ৯-০ ব্যবধানের জয় নিয়ে ফেরে পিএসজি। এই জয়ে ৮ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে লরাঁ ব্লাঁর দল।

ম্যাচ শেষে ইব্রাহিমোভিচ বিন স্পোর্টসকে বলেন, “এই মুহূর্তে বলতে পারি, আগামী মৌসুমে আমি পিএসজিতে থাকব না। এখানে এখনও আমার দেড় মাস বাকি আছে।”

“তারা যদি আইফেল টাওয়ারের জায়গায় আমার মূর্তি বানিয়ে রাখে তাহলে আমি থাকব,” মজা করে বলেন ৩৪ বছর বয়সী ইব্রাহিমোভিচ।

সম্প্রতি গুঞ্জন ওঠে, ইব্রাহিমোভিচ ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেড বা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) কোনো ক্লাবে যেতে পারেন।

পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি বলেন, তিনি চান ইব্রাহিমোভিচ থেকে যান।

"জ্লাতান জাদুকরী। সে দারুণ এক খেলোয়াড়। আমরা তার সঙ্গে কথা বলব এবং দেখব সে কী করতে চায়। আমরা চাই, সে থেকে যাক।”

এ মৌসুমে লিগে ২৪ ম্যাচ খেলে ২৭ গোল করেন ইব্রাহিমোভিচ। চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনিই লিগের সর্বোচ্চ গোলদাতা। আর সব মিলিয়ে ফ্রান্সের শীর্ষ লিগে তার গোল হয়েছে ১০২টি।

পিএসজির সঙ্গে ইব্রাহিমোভিচের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরের জুনে।