২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটকে গেলো শিরোপাধারী আর্সেনালও

কোয়ার্টার-ফাইনালেই গুঁড়িয়ে গেলো আর্সেনালের এফএ কাপের মুকুট ধরে রাখার স্বপ্ন। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ওয়াটফোর্ডের কাছে ২-১ গোলে হেরেছে প্রতিযোগিতাটির ১২বারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 10:40 PM

Updated : 11 Oct 2022, 07:55 PM

পুরনো খবর:

মার্সিয়ালের গোলে টিকে থাকল ম্যানইউ

আর্সেনালের বিদায়ের ফলে এফএ কাপের এবারের আসরে ইংলিশ প্রিমিয়ার লিগের বড় দলগুলোর মধ্যে সেমি-ফাইনালে ওঠার সুযোগ থাকল কেবল ম্যানচেস্টার ইউনাইটেডের। গত শনিবার সেরা আট থেকে ছিটকে পড়ে চেলসি।

এমিরেটস স্টেডিয়ামে রোববার গোলশূন্য প্রথমার্ধের পর ৫০তম মিনিটে এগিয়ে যায় ওয়াটফোর্ড। ওডিওন ইঘালো অবশ্য গোলটি পান আর্সেনালের ডিফেন্ডারদের ভুলে। ট্রয় ডিনির হেড করে বাড়ানো বল থেকে লক্ষ্যভেদ করা ইঘালোকে আটকাতে জায়গা মতো থাকতে পারেনি তাদের কেউ।

৬৩তম মিনিটে আদলেন গুয়েদিওরার গোলে ব্যবধান দ্বিগুণ করে ওয়ার্টফোর্ড।

৮৮তম মিনিটে ড্যানি ওয়েলবেকের গোলে ব্যবধান কমায় আর্সেনাল। মেসুত ওজিলের কাছ থেকে পাওয়া বল জোরালো শটে লক্ষ্যে পৌঁছে দেন ইংল্যান্ডের এই ফরোয়ার্ড। কিন্তু পরে আর গোল না পাওয়ায় বিদায় ঘণ্টা বেজে যায় ভেঙ্গারের দলের।

এ নিয়ে  টানা তিন ম্যাচ নিজেদের মাঠে হারল আর্সেনাল। আগের দুই ম্যাচে যথাক্রমে সোয়ানসি সিটি ও বার্সেলোনার কাছে হেরেছিল ভেঙ্গারের শিষ্যরা।