২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্সিয়ালের গোলে টিকে থাকল ম্যানইউ

এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সঙ্গে অন্তনি মার্সিয়ালের শেষ দিকের গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে ফুটবলের সবচেয়ে প্রাচীন এই টুর্নামেন্টের সেমি-ফাইনালে খেলার আশা টিকে থাকল লুইস ফন খালের দলের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 12:41 AM

Updated : 11 Oct 2022, 07:56 PM

পুরনো খবর:

ছিটকে গেলো শিরোপাধারী আর্সেনালও

ওল্ড ট্র্যাফোর্ডে রোববার রাতে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। নিয়ম অনুযায়ী সেমি-ফাইনালে ওঠার জন্য রিপ্লে ম্যাচে এবার ওয়েস্টহ্যামের মাঠে মুখোমুখি হবে দুই দল।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬৮তম মিনিটে ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারিকে স্তব্ধ করে দেন দিমিত্রি পায়েঁ। দারুণ এক ফ্রি-কিকে লক্ষ্যভেদ করে ওয়েস্টহ্যামকে এগিয়ে নেন ফ্রান্সের এই মিডফিল্ডার।

৮৩তম মিনিটে স্বাগতিক সমর্থকদের মুখে স্বস্তির হাসি ফেরান মার্সিয়ালের গোল। আন্দের এররেরার শেষ মুহূর্তে বাড়ানো ক্রস থেকে গোল করতে আলতো টোকারই দরকার ছিল।

রোববার রাতেই গুঁড়িয়ে যায় আর্সেনালের এফএ কাপের মুকুট ধরে রাখার স্বপ্ন। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ওয়াটফোর্ডের কাছে ২-১ গোলে হেরেছে প্রতিযোগিতাটির সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়নরা।