জাতীয় জিমন্যাস্টিকসে সেরা আনসার
জাতীয় সিনিয়র জিমন্যাস্টিকসে আলো ছড়িয়েছে বাংলাদেশ আনসারের জিমন্যাস্টরা। সব মিলিয়ে ১৭টি পদক জিতেছে দলটির অ্যাথেলেটরা।
জাতীয় ক্রীড়া পরিষদে রোববার প্রতিযোগিতার শেষ দিনে পুরুষ বিভাগে ছয়টি ও মহিলা বিভাগে চারটি ইভেন্টে পদকের লড়াই হয়।
আটটি সোনা, সাতটি রুপা ও দুটি ব্রোঞ্জসহ ১৭টি পদক জিতে সেরা হয়েছে আনসারের জিমন্যাস্টরা। চারটি করে সোনা ও রুপা এবং আটটি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(১৬টি)।
দুটি সোনা, তিনটি রুপা ও চারটি ব্রোঞ্জসহ নয়টি পদক নিয়ে তৃতীয় বাংলাদেশ পাটকল কর্পোরেশন। আর চতুর্থ হওয়া ঢাকা জেলা ক্রীড়া সংস্থা পেয়েছে একটি ব্রোঞ্জ।
পুরুষ বিভাগে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন আনসারের শহিদুল ইসলাম সাজু (৬৯.০৫ নম্বর); একই দলের সাদ্দাম হোসেন (৬৫.১০) রানার্সআপ।
মহিলা বিভাগে বিকেএসপির নুর আক্তার বানু (৪০.৩২৫) চ্যাম্পিয়ন ও নার্গিস নাহার (৩৮.২২৫) রানার্সআপ হন।
প্রতিযোগিতার শুরুর দিন গত বৃহস্পতিবার বয়স ভিত্তিক পর্যায়ের খেলা হয়। নয়টি সোনা, ১০টি রুপা ও আটটি ব্রোঞ্জসহ ২৭টি পদক নিয়ে সেরা হয় কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ।
