মেসি, সুয়ারেস, নেইমারদের পেনাল্টি-দুর্বলতা!
প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য মূর্তিমান আতঙ্কের নাম লিওনেল মেসি, লুইস সুয়ারেস আর নেইমার। কিন্তু দুর্দান্ত সব শটে গোল করা অদম্য এই আক্রমণত্রয়ী পেনাল্টি কিক নেওয়ার সময় কেন যেন গড়বড় করে ফেলছেন এই মৌসুমে! তিন জনই নিজেদের সর্বশেষ নেওয়া স্পটকিক থেকে গোল পাননি।
প্রতিপক্ষের রক্ষণভাগকে দুমড়েমুচড়ে দিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০৩ গোল করেছে মেসি-সুয়ারেস-নেইমারের সমন্বয়ে গড়া ‘এমএসএন’ নামে পরিচিত আক্রমণত্রয়ী। কিন্তু এ মৌসুমে নেওয়া ২০টি ‘স্পটকিক’-এর অর্ধেকই কেবল জালে পাঠাতে পারেন তারা।
গত শনিবার স্পেনের লা লিগায় নিজেদের মাঠে গেতাফেকে ৬-০ গোলে হারায় বার্সেলোনা। এই ম্যাচে সুয়ারেসকে বিশ্রাম দিয়েছিলেন কাতালুনিয়ার ক্লাবটির কোচ লুইস এনরিকে।
সামনে থাকা ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সের বাইরে থেকে হালকা বাঁকানো শটে একটি গোল করেন মেসি। পুরো ম্যাচ জুড়ে অসাধারণ খেলা আর্জেন্টিনা অধিনায়ক সতীর্থদের দিয়ে করান তিনটি গোল।
কিন্তু ৪৯তম মিনিটে গোল পাওয়ার আগে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। ডি-বক্সে নেইমারকে ভেলাসকেস ফেলে দিলে স্পট কিকের নির্দেশ দিয়েছিলেন রেফারি। ডান দিকে মারা মেসির দুর্বল শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।
