সহজ জয়ে বার্সেলোনার পেছনেই ছুটছে আতলেতিকো
নিজেদের মাঠে দেপোর্তিভো লা করুনাকে সহজেই হারিয়েছে আতলেতিকো মাদ্রিদে। এই জয়ে লা লিগায় শিরোপার দৌড়ে টিকে থাকল দিয়েগো সিমেওনের শিষ্যরা।
ভিসেন্তে কালদেরনে শনিবার রাতে আতলেতিকোর জয়টি ৩-০ গোলের। স্পেনের সাউল নিগেস, আর্জেন্টিনার আনহেল কোররেয়া ও ফ্রান্সের অন্তোনি গ্রিজমান জয়ী দলের তিন গোলদাতা।
চলতি লিগে ২১তম জয়ের পর ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিমেওনের দল। শনিবার রাতেই গেতাফেকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া বার্সেলোনা ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
নিজেদের মাঠে অষ্টাদশ মিনিটে ফিলিপে লুইসের ক্রসে গতিমত হেডে আতলেতিকোকে এগিয়ে দেন সাউল। ৬০তম মিনিটে গ্রিজমান ব্যবধান দ্বিগুণ করার পর কোররেয়ার গোল স্বাগতিকদের জয় অনেকটাই নিশ্চিত করে দেয়।
৮৩তম মিনিটে গাবির লম্বা করে বাড়ানো বল ধরে গোলরক্ষকে একা পেয়ে লক্ষ্যভেদ করতে ভুল হয়নি আর্জেন্টিনার ফরোয়ার্ড কোররেয়া।
