২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরিচের মাঠে সিটির হোঁচট

ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমন অঞ্চলে থাকা নরিচ সিটির মাঠে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি। এই ড্রয়ে শিরোপার দৌড়ে আরও পিছিয়ে পড়ল মানুয়েল পেল্লেগ্রিনির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 10:18 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

২৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সিটি। শীর্ষে থাকা লেস্টার সিটির চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে তারা। ৫৫ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম তৃতীয় ও ৫২ পয়েন্ট নিয়ে আর্সেনাল চতুর্থ স্থানে আছে।
 
সিটির পয়েন্টে ভাগ বসালেও ৩০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে রয়েছে নরিচ; ২০ দলের মধ্যে অষ্টাদশ স্থানে রয়েছে তারা।
 
নরিচের মাঠে শনিবার ম্যাচের পঞ্চদশ মিনিটেই এগিয়ে যেতে পারত সিটি। কিন্তু বক্সের বাইরে থেকে সের্হিও আগুয়েরোর ফ্র-কিক লাফিয়ে উঠে কর্নারের বিনিময়ে ফেরান স্বাগতিক গোলরক্ষক জন রুডি। ২৯তম মিনিটে আর্জেন্টিনার এই ফরোয়ার্ডকে আরও একবার হতাশ হতে হয় রুডির দৃঢ়তায়।
 
৩৮তম মিনিটে ভাগ্যের জোরে বেঁচে যায় সিটি। ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির ভুলে বল পেয়ে যান নরিচের প্যাট্রিক ব্যামফোর্ড; ইংল্যান্ডের উঠতি এই ফরোয়ার্ডের ভলি জো হার্টকে ফাঁকি দিলেও শেষ পর্যন্ত পোস্টে লেগে ফেরে।
 
দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোলের সুযোগ পেয়েছিল নরিচ। কিন্তু গ্রাহাম ডোর‌্যান্স পোস্টের বাইরে মেরে তা নষ্ট করলে ম্যাচ শেষ হয় গোলশূন্য অবস্থায়।