‘পুরো ফিট মেসিকে রোখা অসম্ভব’
পুরোপুরি ফিট থাকলে বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসিকে রোখা অসম্ভব বলে মনে করেন কার্লো আনচেলত্তি। এমনকি মেসিকে আটকানোর কোনো উপায়ই জানা নেই রিয়াল মাদ্রিদের সাবেক কোচের।
গত মৌসুমে অসাধারণ খেলে বার্সেলোনাকে ট্রেবল জেতাতে বড় ভূমিকা রাখা মেসি পঞ্চমবারের মতো বর্ষসেরার পুরস্কার জেতেন। চলতি মৌসুমেও বার্সেলোনার হয়ে ৩৫ গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক।
আনচেলত্তি বলেন, “মেসিকে পাহারায় রাখা খুব জটিল। তাকে যে ডিফেন্ডার পাহারা দেবে, তার খুব উঁচু মানের হতে হবে।”
মেসি ছাড়াও বার্সেলোনায় আরও অনেক তারকা খেলোয়াড় আছে। মেসির দিকে বেশি মনোযোগ দিতে গেলে তারাও প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারেন বলে মনে করেন আনচেলত্তি।
“কিন্তু মেসি শতভাগ ফিট থাকলে তাকে রোখা অসম্ভব। কে কোচ আর কৌশল কী, এটা কোনো বিষয়ই নয়। তার সীমাহীন প্রতিভার কারণে এটা বোঝা অসম্ভব যে, সে কী করবে। তাই তাকে শান্ত রাখার কোনো উপায় নেই,” যোগ করেন আনচেলত্তি।
