মাহফুজাদের সঙ্গেই থাকছেন পার্ক দে গুন
সাঁতার কোচ পার্ক দে গুনকে রেখে দেওয়া নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা শেষ পর্যন্ত দূর হয়েছে। আগামী এক বছরের জন্য মাহফুজা-রনিদের কোচ হিসেবে থেকে যাচ্ছেন তিনি।
দক্ষিণ কোরিয়ার এই সাঁতার কোচের সঙ্গে সোমবার এক বছরের চুক্তি করেছে বাংলাদেশ সাঁতার ফেডারেশন। পার্কের প্রতি মাসের বেতন সাড়ে চার হাজার ডলারের পুরোটাই দেবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
সর্বশেষ দক্ষিণ এশিয়ান গেমসে মাহফুজা খাতুন শিলার হাত ধরে সাঁতার থেকে দুটি সোনা জেতে বাংলাদেশ। প্রতিযোগিতা শেষে দেশে ফিরে দক্ষিণ কোরিয়ান কোচকে রেখে দেওয়ার দাবি তুলেছিলেন মাহফুজাও।
কোচ হিসেবে মাহফুজা-রনি-সাগরদের সঙ্গে থেকে যেতে পারায় দারুণ খুশি পার্কও। সাংবাদিকদের আগামী দিনের পরিকল্পনা নিয়ে বলেন, “এটা (বাংলাদেশ) আমার ভাল লাগার জায়গা। নতুন চুক্তি করতে পেরে আনন্দিত। আজ দেশে ফিরে যাচ্ছি, আসবো ১৬ মার্চ। এরপরই নিজের পরিকল্পনা বাস্তবায়নে নামব।”
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা ও শ্রীলংকায় হতে যাওয়া দক্ষিণ এশিয়ান সাঁতার চ্যাম্পিয়নশিপ নিয়ে প্রাথমিক পরিকল্পনা করার কথাও জানান এই কোচ।
কোচের পারিশ্রমিকের ভারটা নেওয়ায় বিওএকে ধন্যবাদ জানাতে ভোলেননি সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক রাফিজউদ্দিন।
“বিওএ হাত বাড়িয়ে না দিলে এ কোচকে রাখা সম্ভব ছিল না। আমার বিশ্বাস এই সিদ্ধান্ত বাংলাদেশ সাঁতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি বিওএ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞ।”
