২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটা আমার প্রতি অবিচার: মামুনুল

হঠাৎ করেই মামুনুল ইসলামের জন্য জাতীয় দলের দরজাটা বন্ধ হয়ে গেলো। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক বছরের জন্য এই মিডফিল্ডারকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটি। ক্ষুব্ধ মামুনুল জানালেন, এভাবে শাস্তি পাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 09:52 PM

Updated : 11 Oct 2022, 07:51 PM

২০০৭ সালে জাতীয় দলে অভিষেক। গত প্রায় তিন বছর অধিনায়কের ভার বয়েছেন তিনি। কিন্তু মামুনুলের হাত ধরে জাতীয় দলের উল্লেখ করার মতো সাফল্য নেই। ২০১৫ সালে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল খেলাই সর্বোচ্চ প্রাপ্তি। তবে পেছন ফিরে দেখে জাতীয় দলের সঙ্গে কাটানো প্রায় এক দশকের হিসেবটা মেলাতে পারছেন না তিনি। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আর বঙ্গবন্ধু গোল্ড কাপের ব্যর্থতার তদন্তের পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তি পাওয়ার পর মামুনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, এই সংস্কৃতি চলতে থাকলে আগামী প্রজন্ম ফুটবলকে ভুলতে বসবে।

প্রশ্ন: শাস্তির খবরটা তো পেয়েছেন? আপনি আর জাহিদ হোসেন এক বছরের জন্য নিষিদ্ধ। সোহেল রানা আর ইয়াসিন খানের নিষেধাজ্ঞা ছয় মাসের।

মামুনুল: হ্যাঁ, শুনেছি। জাহিদের মতো আমাকেও শাস্তি দেওয়া হয়েছে। আপনারাই বলেন, এর প্রতিক্রিয়া কি হতে পারে? অন্যায় যে করেছে তার সাজা হওয়া উচিত। যে অন্যায় করেনি, তার তো সাজা হওয়া উচিত না। এটা আমার প্রতি অবিচার করা হয়েছে।

দেশের তরুণ ফুটবলাররা দেখবে, দেশের জন্য ফুটবল খেললে এমন হয়। এমনিতেই মানুষ ফুটবল খেলে না। এভাবে ফুটবলারদের বিচার করলে মানুষ ফুটবল ভুলে যাবে।

কেন অন্যায় মনে হচ্ছে? অধিনায়ক হিসেবে আপনি দলকে উদ্বুদ্ধ করতে ব্যর্থ হয়েছেন, এছাড়া শৃঙ্খলা ভাঙার মতো অভিযোগও আপনার বিরুদ্ধে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির তদন্তে উঠে এসেছে।

মামুনুল: আমাকে জাতীয় দল থেকে অসম্মান করে বাদ দেওয়া হয়েছে। আমি কি এটার যোগ্য? দশ বছর ধরে আমি জাতীয় দলকে সার্ভিস দিচ্ছি, কিন্তু এটা কি আমার প্রাপ্য? এভাবে কি আমার প্রতিদান দেওয়া উচিত? অথচ, যারা অন্যায় করেছে, তারা এখন বেঁচে যাচ্ছে। যে প্রতিদান পেলাম আমি বলব, বাফুফে আমাকে দশ বছর দেশের জন্য খেলার ‘উপহার’ দিল।

আপনার অভিযোগটা আসলে কার বা কাদের বিরুদ্ধে? এর আগেও আপনি গণমাধ্যমে তদন্ত কমিটির কারও কারও বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন।

মামুনুল: আমি কারও বিরুদ্ধে বলিনি। যে অন্যায় করেছে, মিডিয়াতে তার সম্পর্কে বলেছি। আপনারা (কর্মকর্তা) যদি অন্যায়ের সুযোগ দেন, তাহলে অন্যায় বাড়বে। আমি অন্যায়ের প্রতিবাদ করছি; কারণ ভুল করলে আমি নিজের বাপকেও ছাড়ি না।

আমি এমন একজনের বিপক্ষে বলেছি, যে ফুটবলের চরিত্র নষ্ট করেছে। আমি অধিনায়ক হওয়ার যোগ্য নই, এটা সে বলার কে? দাদা সাহেবরা নিজেদের গদি বাঁচানোর জন্য এটা করেছে। আমি ১০ বছর ধরে ন্যাশনাল টিমে খেলব এবং এরপর কেউ বলবে, আমার নিষ্ঠার অভাব। এটা তো মেনে নেওয়া যায় না।

 

নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ তো আপনিও পেয়েছিলেন...

মামুনুল: দেখুন, আজকে বাদল দারা যে সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা জিজ্ঞেস করতে পারতেন, জাহিদের যে শাস্তি সে শাস্তি মামুনুলের কেন? আমি তো এ কাজ (জাহিদের বিরুদ্ধে একটি ম্যাচের আগের দিন মদ্যপানের অভিযোগ ছিল) করিনি। তাহলে আমি কেন শাস্তি পাব? এই রায় আর শাস্তি কি বলছে? লোকে মনে করবে জাহিদও মদ্যপান করেছে; মামুনুলও করেছে। এটা না করেও আমি কেন এই অপবাদ নেবো? অন্য একটি ক্লাবের কর্মকর্তাদের খুশি করার জন্য তারা এটা করেছে।

কোন ক্লাব? অভিযোগটা কি সাবেক ক্লাব শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিরুদ্ধে?

মামুনুল: সেটা আমি বলব না; সেটা সবাই জানে। আপনারাও জানেন।

অভিযোগ আছে মদ্যপানের কারণে বাদ পড়া জাহিদকে নাকি বঙ্গবন্ধু গোল্ড কাপের সময় আপনি নিজের রুমে আশ্রয় দিয়েছিলেন?

মামুনুল: সে যদি বলে থাকে আমি তাকে আশ্রয় দিয়েছি, তাহলে সে এটা আমার সামনে এসে বলুক। জাহিদের রুমমেট নাসির, তার কাছে জিজ্ঞেস করুন। জাহিদ হোটেলে ছিল, আসলে তাদের (কর্মকর্তাদের) জোর ছিল না, ওকে বের করে দেওয়ার।

আপনাদের সামনে নির্বাহী কমিটি বা সভাপতির কাছে আবেদন করার সুযোগ থাকছে। আপনি কি ভাবছেন?

মামুনুল: কিসের আপিল? আবার লজ্জাজনকভাবে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে; এই রাস্তা দেখাচ্ছেন? এই অপমান আর না। আমার নেতৃত্বে বঙ্গবন্ধু কাপের ফাইনাল খেলেছে জাতীয় দল; এর আগে কোনো দল ফাইনালে খেলেছে? খেলেনি। আবেদন করলেই সব ঠিক হয়ে যাবে? আমি কোনো অন্যায় করিনি; আবেদনও করব না। আমি মনে করব, দশ বছর জাতীয় দলকে দিয়েছি, তারা তার প্রতিদান এভাবে দিল।

যদি বাফুফে ফেরার জন্য ডাকে?

মামুনুল: আমি তো কোনো ফেরার আবেদন করব না। যারা আমার ইমেজ নষ্ট করেছে তারা দেশবাসীকে জানাবে, তারা ভুল করেছে। তাহলে ফেরা নিয়ে ভাবব। কারণ, আর যা-ই করেছি, জীবনে কারও সঙ্গে বেইমানি করিনি। যদি দেশের প্রতি টান না থাকত, তাহলে এতদিন খেলতে পারতাম না। আমি মনে করি, যারা এমন রায় দিতে পারে তাদেরই দেশের প্রতি অনুভূতি নাই।

তাহলে আগামী দিনের পরিকল্পনা কী?

মামুনুল: তারা (কিছু কর্মকর্তা), সাবেকরা (ফুটবলার) মিলে আমার দশ বছরের সম্মান, অর্জন নষ্ট করে দিয়েছে। এখন আমার পরিকল্পনা মাঠের খেলা আমি চট্টগ্রাম আবাহনীর হয়ে দেব।