২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া ও কাতারকে সমর্থন ফিফা সভাপতির

রাশিয়া ও কাতার থেকে আগামী দুই বিশ্বকাপ সরিয়ে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। টুর্নামেন্টের আয়োজকদের ‘ইতিহাসের সেরা বিশ্বকাপ’ আয়োজনের আহবান জানিয়েছেন ফিফার নতুন সভাপতি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 12:17 AM

Updated : 12 Apr 2022, 01:32 AM

গত শুক্রবার ফিফার বিশেষ কংগ্রেসে সভাপতি নির্বাচিত হওয়া ৪৫ বছর বয়সী এই কর্মকর্তা সোমবার প্রথম পুরো দিন অফিস করেন। সেখানেই সবাইকে কোনো রকম বিপত্তি ছাড়া রাশিয়া ও কাতারে বিশ্বকাপ সফলভাবে আয়োজন করার দিকে মনোযোগ দিতে আহবান জানান তিনি।

জুরিখে সাংবাদিকদের ইনফান্তিনো বলেন, “কাতার ও রাশিয়ার বিষয়ে ২০১০ সালে নির্বাহী কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ২০১০ সাল থেকেই বিভিন্ন ধারণা, অভিযোগ ও হৈচৈ হচ্ছে।”

সে সব মিথ্যা প্রমাণ করতে ২০১৮ সালে রাশিয়ায় এবং ২০২২ সালে কাতারে ইতিহাসের সেরা বিশ্বকাপ আয়োজন করা প্রয়োজন বলে মনে করেন ইনফান্তিনো।

গত বছরের ২৯ মে পঞ্চম মেয়াদে ফিফার সভাপতি হিসেবে জেপ ব্লাটার নির্বাচিত হওয়ার দুদিন আগে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সাত শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করে সুইস পুলিশ। এরপর কয়েক ধাপে সংস্থাটি ঘিরে বিভিন্ন দুর্নীতির খবর ফাঁস হতে থাকে। তারই প্রেক্ষিতে জুনের শুরুতে পদত্যাগের ঘোষণা দেন ব্লাটার।

অবশ্য এর অনেক আগে থেকেই ২০১০ সালের ডিসেম্বরে হওয়া ফিফা নির্বাহী কমিটির ২২ সদস্যের গোপন ভোটে রাশিয়া ও কাতারকে আয়োজক করার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্দেহ দানা বাঁধে।

শুরুতে ওই সময়ের ফিফা সভাপতি ব্লাটার সবকিছু 'আইন অনুযায়ী' হয়েছে বললেও গত জুলাইয়ে সুইস এই কর্মকর্তা জানান, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়ায় রাজনৈতিক চাপ ছিল।

বর্তমানে এই দুই বিশ্বকাপের আয়োজক নির্বাচনের প্রক্রিয়া নিয়ে তদন্ত করছে এফবিআই। আর এই তদন্তে দুর্নীতির সত্যতা মিললে পুরো প্রক্রিয়াটি নতুন করে হওয়ার পক্ষেও মত অনেকের। তবে তেমন কোনো সম্ভাবনা উড়িয়ে দেন ইনফান্তিনো।