৬০ লাখ টাকায় চট্টগ্রাম আবাহনীতে মামুনুল
৬০ লাখ টাকায় চট্টগ্রাম আবাহনীর সঙ্গে চুক্তি করেছেন মামুনুল ইসলাম। নতুন দলের হয়ে লিগ শিরোপা জয়ের আশাবাদও জানিয়েছেন জাতীয় দলের এই নির্ভরযোগ্য মিডফিল্ডার।
সোমবার চট্টগ্রাম আবাহনীর সঙ্গে এক বছরের চুক্তিতে সই করেন মামুনুল। গত মৌসুমে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে ৪৫ লাখ টাকায় যোগ দিয়েছিলেন তিনি।
চুক্তি নিয়ে সন্তুষ্ট মামুনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক বছরের জন্য চট্টগ্রাম আবাহনীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। আমার লক্ষ্য দলকে লিগের চ্যাম্পিয়ন করা।”
গত লিগে চট্টগ্রাম আবাহনীর পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। ২০ ম্যাচে তিন জয় ও সাত ড্রয়ে পাওয়া ১৬ পয়েন্ট নিয়ে ১১ দলের মধ্যে নবম হয়েছিল বন্দরনগরীর দলটি।
অবশ্য লিগে ভালো না করলেও শেখ কামাল আন্তর্জাতিক গোল্ডকাপে চমক দেখায় চট্টগ্রাম আবাহনী। ভারতের ঘরোয়া লিগের ঐতিহ্যবাহী দল ইস্ট বেঙ্গলকে হারিয়ে শিরোপা জয় করে তারা।
“আমার বিশ্বাস চট্টগ্রামের ফুটবলের উন্মাদনা আবার ফিরবে; জৌলুস বাড়বে। খেলা দেখতে মানুষ মাঠে ফিরবে।”
২০১০-১১ মৌসুমে শেখ জামালে প্রথম নাম লেখান মামুনুল। ২০১৩-১৪ মৌসুমে দ্বিতীয় দফায় শেখ জামালে ফেরেন তিনি। চুক্তির মেয়াদ শেষের পরই এই মিডফিল্ডার নতুন ঠিকানায় যাওয়ার কথা জানিয়েছিলেন।
শেখ জামালে খেলা তিন মৌসুমে লিগ শিরোপার সঙ্গে দুটি ফেডারেশন কাপের ট্রফিও জয় করেন মামনুল।
গত জানুয়ারি বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমি-ফাইনালে বাহরাইনের যুবাদের কাছে বাংলাদেশের হারের পর শেখ জামালের পরিচালক ইকবাল কবির খোকন টিম হোটেলে এসেছিলেন খেলোয়াড়দের ক্লাবে নিয়ে যেতে। এ নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটে।
আগের রাতের ঘটনার জেরে পুলিশ প্রহরায় হোটেল থেকে বাফুফে ভবনে পৌছান জাতীয় দলে খেলা শেখ জামালের ১১ ফুটবলার। ওই ঘটনার পর শেখ জামালে না ফেরার সিদ্ধান্ত জানিয়েছিলেন মামুনুল।
