২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শততম ম্যাচে রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় এনরিকে

লেভান্তের বিপক্ষে বার্সেলোনার কোচ হিসেবে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন লুইস এনরিকে। স্পেনের লা লিগার এই ম্যাচে তিনি অপেক্ষায় আছেন কাতালুনিয়ার ক্লাবটির হয়ে পেপ গুয়ার্দিওলার টানা অপরাজিত থাকার রেকর্ড ছোঁয়ারও। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2016, 06:38 PM

Updated : 12 Apr 2022, 01:22 AM

স্পেনের কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম পর্বে গত বুধবার ভালেন্সিয়াকে হারিয়ে বার্সেলোনার সাবেক কোচ রাইনাস মিশেলের টানা ২৭ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি ছুঁয়ে ফেলেন এনরিকে। 
 
গুয়ার্দিওলার বার্সেলোনা টানা ২৮ ম্যাচে অপরাজিত ছিল ২০১০ সালের সেপ্টেম্বর থেকে ২০১১ সালের জানুয়ারি পর্যন্ত। 
 
স্পেনের লা লিগায় গত ৩ অক্টোবর সেভিয়ার কাছে ২-১ গোলে হোঁচট খাওয়ার পর কোনো ধরনের প্রতিযোগিতাতেই আর ম্যাচ হারেনি এনরিকের বার্সেলোনা।
 
এনরিকের অধীনে এ পর্যন্ত খেলা ৯৯ ম্যাচের ৭৯টিতেই জয় পেয়েছে বার্সেলোনা। ১১টি ম্যাচ ড্র করেছে তারা। আর হেরেছে নয়টিতে। আর এই ম্যাচগুলোয় প্রতিপক্ষের জালে ২৮০ বার বল পাঠায় বার্সেলোনা, বিপরীতে খেয়েছে ৭২টি গোল।
 
লেভান্তের মাঠে বার্সেলোনার ম্যাচটি আগামী রোববার বাংলাদেশ সময় বিকেল ৫টায়।