ফেদেরারকে হারিয়ে ফাইনালে জোকোভিচ
পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন রজার ফেদেরার। তবে অদম্য নোভাক জোকোভিচের সঙ্গে শেষ পর্যন্ত পেরে ওঠেননি। এই সুইস তারকাকে হারিয়ে ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়।
মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় বৃহস্পতিবার বিশ্বের সাবেক এক নম্বর তারকা ফেদেরারকে ৬-১, ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারান জোকোভিচ।
এক ঘণ্টার মধ্যে প্রথম দুই সেট জিতে শুরুটা ঝড়ের বেগেই করেন সার্বিয়ার তারকা জোকোভিচ। মনে হচ্ছিল, গত অনেক দিন ধরেই দুর্দান্ত ফর্মে থাকা জোকোভিচের কাছে অসহায় আত্মসমর্পণই করতে যাচ্ছেন তৃতীয় বাছাই ফেদেরার। তবে নেটে অসাধারণ খেলে তৃতীয় সেট জিতে ঘুরে দাঁড়ান রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জেতা এই তারকা।
চতুর্থও সেটেও ভালোই খেলছিলেন ৩৪ বছর বয়সী ফেদেরার। তবে ২ ঘণ্টা ১৯ মিনিটের লড়াইটিতে শেষ পর্যন্ত জোকোভিচের সঙ্গে আর কুলিয়ে উঠতে পারেননি তিনি। এই নিয়ে টানা পঞ্চমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন জোকোভিচ।
ম্যাচ শেষে কোর্টের পাশেই সংক্ষিপ্ত সাক্ষাৎকারে জোকোভিচ বলেন, “নিশ্চয়ই, প্রথম দুই সেটে আমি অবিশ্বাস্য খেলেছি। রজারের বিপক্ষে এটাই করা দরকার।”
“আমি জানতাম, সে আক্রমণাত্মক হবে এবং গতির সঙ্গে নেটের কাছে খেলার সমন্বয় ঘটাবে।”
তৃতীয় সেটে দুজনের লড়াই হয়ত অনেককেই ফেদেরারের সেরা সময়কে মনে করিয়ে দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত গ্র্যান্ড স্ল্যামে তার উপর আধিপত্য বজায় রাখেন জোকোভিচ।
এই নিয়ে গ্র্যান্ড স্ল্যামে ফেদেরারের বিপক্ষে খেলা ১৫ ম্যাচের নয়টিতেই জিতলেন ক্যারিয়ারে ১০টি গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকোভিচ। সবশেষ সাত ম্যাচের পরিসংখ্যান আরও একচেটিয়া; ৬টিতেই জেতেন তিনি। এর মধ্যে আছে গত বছরের উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনাল।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়েও জয়-পরাজয়ের হিসেবে এগিয়ে গেলেন জোকোভিচ। এ পর্যন্ত মুখোমুখি হওয়া ৪৫ ম্যাচের ২৩টিতে জিতলেন তিনি।
অস্ট্রেলিয়া ওপেনে এর আগে পাঁচটি ফাইনাল খেলে সবকটিতে জেতা জোকোভিচ এবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবেন অ্যান্ডি মারে অথবা মিলোস রাওনিচের। আগামী শুক্রবার দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবেন এই দুই তারকা।
